ভুলুয়া খালের অবৈধ বাঁধ অপসারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির পানি নেমে যাওয়ার স্বাভাবিক গতি ব্যাহত হওয়ায় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ছয়টি ইউনিয়নে এখনো জলজট রয়েছে। এই জলাবদ্ধতা দূর করতে ভুলুয়া খালের মাছ ধরার অবৈধ বাঁধ ও জাল অপসারণ শুরু করেছে স্থানীয় প্রশাসন। প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই খালে অন্তত ২০০ স্থানে মাছ ধরার জন্য বাঁধ দিয়ে জাল ফেলা হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

গত বৃহস্পতিবার প্রথম দিনের মতো রামগতির চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর স্টিল ব্রিজ থেকে চরবাদাম ইউনিয়নের চরকলাকোপা কলোনি পর্যন্ত ভুলুয়া খালের প্রায় ১০ কিলোমিটার এলাকায় বাঁধ অপসারণে অভিযান চালানো হয়। প্রথম দিনের অভিযানে জালসহ ৫০টি বাঁধ অপসারণ করা হয়। রামগতি উপজেলা প্রশাসন, মৎস্য ও কৃষি বিভাগ, চরপোড়াগাছা, চরআলগী ও চরবাদাম ইউনিয়ন পরিষদ, রামগতি থানার পুলিশ ও কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্টের সদস্যরা যৌথভাবে ওই অভিযান চালান। অভিযান তত্ত্বাবধান করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী। স্থানীয় বাসিন্দারাও অভিযানে অংশ নেন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, মাইকিং করে কাজ না হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বাঁধ ও জাল অপসারণ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, এক সপ্তাহের মধ্যে কাজটি শেষ করা যাবে। এতে বৃষ্টির পানি খালে দ্রুত নামতে পারবে। 

গতকাল শুক্রবার চরপোড়াগাছা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় গিয়ে দেখা যায়, খালের দুই তীর থেকে প্রায় মাঝ অংশ পর্যন্ত মাটির বাঁধ দিয়ে জাল পেতে রাখা হয়েছে।

গত দুই দিন বৃষ্টি না থাকলেও কমলনগরের চরকাদিরা, রামগতির চরবাদাম, চরআলগী, চরপোড়াগাছা, চররমিজ ও চরগাজী ইউনিয়নের বিভিন্ন গ্রামে জলাবদ্ধতা দেখা গেছে।

রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা আবদুচ সোবহান জানান, জলাবদ্ধতার কারণে রামগতিতে ২০০ হেক্টর জমির আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভুলুয়া খালে পানির প্রবাহ স্বাভাবিক করা গেলে ভবিষ্যতে এ ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।