ভুলে ভরা উত্তরপত্র মূল্যায়ন নির্দেশিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঊর্মি’র সমার্থক শব্দ ‘ঢেউ’, ‘ঈশ্বর’-এর ‘স্রষ্টা’। কিন্তু সমাধানপত্রে লেখা হয়েছে ‘ঢেউ’-এর স্থলে ‘ডেউ’, ‘স্রষ্টা’র স্থলে ‘শ্রষ্টা’। ‘আগমনী’ শব্দের শুদ্ধ লেখা হয়েছে ‘আগমণী’। ‘তিমির বিদারী’র ব্যাসবাক্য লেখা হয়েছে ‘তিমিরের বিদারী’। সমাসের নাম লেখা রয়েছে ৬ষ্ঠী তৎপুরুষ। ‘নিত্য সমাস’-এর স্থলে লেখা হয়েছে ‘নিত্র সমাস’।দিনাজপুর শিক্ষা বোর্ডের এবারের এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের উত্তরপত্র মূল্যায়ন-নির্দেশিকায় এসব লেখা। ভুলে ভরা এ নির্দেশিকা গত বৃহস্পতিবার দিনাজপুর জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় বিতরণ করা হয়। রংপুরের কাউনিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষক শাশ্বত ভট্টাচার্য জানান, ‘তিমির বিদারী’ শব্দের ব্যাসবাক্য হবে ‘তিমিরকে বিদারী’। সমাস হবে ‘২য়া তৎপুরুষ’। উত্তরপত্র মূল্যায়নের নির্দেশিকায় এ ধরনের ভুলের জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেন। জেলা পরিষদ মিলনায়তনে বাংলা দ্বিতীয় পত্রের উত্তরপত্র বিতরণের আগে পরীক্ষকেরা কীভাবে খাতা মূল্যায়ন করবেন, সে বিষয়ে বৃহস্পতিবার মতবিনিময় সভা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পিয়ারউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বোর্ডের কর্মকর্তারা ছাড়াও দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আটটি জেলার প্রধান পরীক্ষক ও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।সভা শেষে শিক্ষকেরা জানান, মতবিনিময় সভার শুরুতে শিক্ষকদের হাতে একটি করে সমাধানপত্র দেওয়া হয়। কিন্তু ভুলে ভরা এ সমাধানপত্র দেখে তাঁরা সবাই ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অভিযোগ করেন, সমাধানপত্রটি তৈরি করেছেন প্রধান পরীক্ষকেরা। এ ব্যাপারে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পিয়ারউদ্দিন আহমেদ বলেন, ‘সমাধানপত্রটি তৈরি করেছেন প্রধান পরীক্ষক তথা বাংলার শিক্ষকেরাই। এটা বোর্ড কর্তৃপক্ষের ভুল নয়। প্রধান পরীক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’