ভুলে ভরা জাতীয় পরিচয়পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকুরে ওয়াহিদ। জীবনের সব শিক্ষা সনদে তাঁর জন্মতারিখ ৪ মে। কিন্তু জাতীয় পরিচয়পত্রে তা হয়ে গেছে ৫ এপ্রিল। জন্মতারিখের এই গরমিল ভবিষ্যতে তাঁর চাকরিতে সমস্যা করে কিনা, এ নিয়ে তিনি উদ্বিগ্ন। ছবিসহ ভোটারতালিকা হালনাগাদের কাজ করেছেন রিপন। নিজ এলাকায় দায়িত্ব পালনকালে পরিবারের সাত সদস্যের তথ্য নিজেই লিপিবদ্ধ করেছেন। অথচ জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়ার পর দেখেন পাঁচ সদস্যের জন্মতারিখই ভুল। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এমন কয়েক হাজার বাসিন্দা ভুল তথ্যে ভরা জাতীয় পরিচয়পত্র নিয়ে বিপাকে পড়েছেন। তাঁদের প্রত্যাশা ছিল, ভোটার তালিকা হালনাগাদ করার সময় ভুল তথ্য সংশোধন করা যাবে। কিন্তু তাও হচ্ছে না। কারণ, চলমান ভোটার তালিকা হালনাগাদ করার ক্ষেত্রে এমন কোন ব্যবস্থা রাখা হয়নি। জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের জন্য যেতে হবে ঢাকার আগারগাঁওয়ের কার্যালয়ে অথবা অপেক্ষা করতে হবে উপজেলায় সার্ভার স্টেশন স্থাপনের আগ পর্যন্ত। তাই ভুল তথ্যযুক্ত জাতীয় পরিচয়পত্রগুলো এখন তাদের গলার কাঁটা। চলতি বছর ভোটারতালিকা হালনাগাদ করার জন্য গত ১১ অক্টোবর তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই কার্যক্রমের তদারককারী আবদুর রহমান জানান, প্রশিক্ষণের সময় উপস্থিত ৩৫ জন তথ্য সংগ্রহকারীর ১০ জন নিজ নিজ পবিচয়পত্রে জন্মতারিখ ও নামের বানান ভুলের কথা জানান। তবে জেলা নির্বাচন কর্মকর্তা তাঁদের সার্ভার স্টেশন হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা কিংবা জরুরি হলে ঢাকায় গিয়ে সংশোধনের পরামর্শ দেন। পাশাপাশি ভোটারদেরও এ কথা জানানোর নির্দেশনা দেন। গত রোববার থেকেই তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছেন। কিস্তু প্রথম দিন থেকেই তাঁরা ভুল সংশোধনবিষয়ক প্রশ্নবানে জর্জরিত হয়েছেন বলে কয়েকজন তথ্য সংগ্রহকারী জানিয়েছেন। তথ্য সংগ্রহকারী বদরুল ইসলাম জানান, প্রথম দিন বেলা একটা পর্যন্ত তিনি ২৪টি বাড়িতে গিয়েছিলেন। এ সময় নতুন ভোটার হিসেবে মাত্র তিন জনকে পাওয়া গেছে। আর তথ্য সংশোধনের কথা বলেছেন ১১ জন। বিষয়টি বুঝিয়ে বলা হলেও তাঁরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এবার ভোটারতালিকা হালনাগাদ করার সময় শুধু বাদ পড়া ও নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হবে। আর মারা গেছেন এমন ভোটারের নাম বাদ দেওয়া হবে। এছাড়া যে সব ভোটারের আঙ্গুলের ছাপ আগের বার ওঠেনি, নতুন করে তাঁদের আঙ্গুলের ছাপ নেওয়া হবে। তবে ভোট স্থানান্তরের জন্য উপজেলা নির্বাচন কার্যালয়ে এবং ভুল সংশোধন ও হারিয়ে যাওয়া পরিচয়পত্র সংগ্রহের জন্য ঢাকার আগারগাঁওয়ে যেতে হবে। তথ্য লিপিবদ্ধকারী কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করা আবদুল কাদির প্রথম আলোকে বলেন, ‘আমরা যে সফটওয়্যারে কাজ করেছিলাম তাতে জন্মতারিখের ক্রম ছিল দিন-মাস-বছর। সম্ভবত সার্ভারে কাজ নিরীক্ষণের সময় ব্যবহূত সফটওয়্যারে জন্মতারিখের ক্রম ছিল মাস-দিন-বছর। তাই এ ধরনের ভুল বেশি হয়েছে।’ তিলপারা ইউনিয়নের ভোটার সামছিয়া বেগম বলেন, ‘ঢাকা যাওয়া আমাদের জন্য কষ্টকর, ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। আর ভুলতো আমরা করিনি। সরকারি কাজে গাফলতি থাকলে তা সংশোধনের ব্যবস্থা সরকারেরই করা উচিত।’