ভুলে ভরা পাঠ্য বই প্রত্যাহারের দাবিতে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে ছাত্র ইউনিয়নের জেলা সম্মেলন এবং ব্রাহ্মণবাড়িয়ায় খেলাঘরের মানববন্ধন থেকে ভুলে ভরা পাঠ্যবই প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার ওই দাবি জানানো হয়।
সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে গতকাল থেকে সুনামগঞ্জ জেলা শাখার ২৩তম জেলা সম্মেলন শুরু হয়। এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি লাকী আক্তার। সংগঠনের জেলা শাখার সভাপতি রইসুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শরিফুজ্জামান শরিফ। জেলা কমিটির সাধারণ সম্পাদক তারেক চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা যুব ইউনিয়নের সভাপতি এনাম আহমেদ, পিরোজপুর জেলা শাখার সভাপতি খ ম মিরাজ, কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মাহমুদা খাঁ প্রমুখ। বক্তারা বলেন, দেশে শিক্ষাকে পণ্যে পরিণত করা হয়েছে। শিক্ষার এই বাণিজ্যিকীকরণ রুখে দাঁড়াতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। ভুলে ভরা পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে তাদের ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। এসব পাঠ্যবই প্রত্যাহার করতে হবে। সন্ধ্যায় একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজ রোববার সংগঠনের জেলা কমিটি গঠনের জন্য কাউন্সিল হবে।
খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ভুলে ভরা পাঠ্যবই প্রত্যাহার এবং পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতা ও বৈষম্যমূলক বিষয় অন্তর্ভুক্তির প্রতিবাদে গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির কার্যকরী সদস্য নিতিশ রঞ্জন রায়ের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর প্রমুখ। বক্তারা বলেন, পাঠ্যপুস্তকে ভুল এবং সাম্প্রদায়িক শব্দ কোমলমতি শিশুদের প্রভাবিত করবে। তা ছাড়া একটি গোষ্ঠীকে উদ্দেশ্য হাসিল করতে এবং দেশকে পেছনের দিকে নেওয়ার অপকৌশল হিসেবে এসব করা হয়েছে। পাঠ্যপুস্তকের সব ভুল এবং সাম্প্রদায়িক শব্দ সংশোধনের পাশাপাশি দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।