ভুলে ভরা পাঠ্যপুস্তক প্রত্যাহারের দাবি
পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক বিষয় অন্তর্ভুক্তি ও প্রগতিশীল লেখকদের লেখা বাদসহ নানা অসংগতির প্রতিবাদে ও ভুলে ভরা পাঠ্যপুস্তক প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার দিনাজপুর ও গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
দিনাজপুর প্রেসক্লাবের সামনে রাস্তায় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই সব কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর উদীচীর সভাপতি মো. রেজাউর রহমান। বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন, মহিলা পরিষদের জেলা সভাপতি কানিজ রহমান, যুব ইউনিয়ন দিনাজপুর জেলা কমিটির আহ্বায়ক খন্দকার আশরাফুজ্জামান, সাংস্কৃতিক সংগঠন আমাদের থিয়েটারের সাধারণ সম্পাদক মো. তারেকুজ্জামান, ভৈরবীর সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ্, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নূরুল মতিন, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি মো. রশিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উজ্জীবিত করতে ও আদর্শ মানুষ গড়তে অবিলম্বে স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তকের সব অসংগতি ও সাম্প্রদায়িক লেখা মুছে ফেলে, দেশের প্রগতিশীল লেখকদের লেখা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার দাবি জানান।
এদিকে গাইবান্ধা শহরের পিকে বিশ্বাস রোডের জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সামনে গতকাল দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত ওই মানববন্ধন ও সমাবেশ হয়। জেলার প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো এসব কর্মসূচির আয়োজন করে।
বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কলেজশিক্ষক গৌতমাশিস গুহ সরকার, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মাহমুদুল গণি, জেলা যুব ইউনিয়নের সভাপতি প্রতিভা সরকার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তপন দেবনাথ, সাধারণ সম্পাদক আসমানী আকতার, সদস্য রানু সরকার, হারুন মিয়া, ওবায়দুল হক, গণজাগরণ মঞ্চের সংগঠক সজীব রঞ্জন চাকী প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে পাঠ্যপুস্তকের ভুল সংশোধন করে নতুন বই বিতরণ ও মুক্তমনা লেখকদের লেখা পুনরায় চালু করতে হবে। বক্তারা এ ঘটনার সঙ্গে যুক্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করতে চাইলে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে।