ভুলে ভরা পাঠ্যবই নিয়ে সাংসদের ক্ষোভ
নিম্নমানের এবং ভুলে ভরা পাঠ্যবই শিক্ষার্থীদের দেওয়ায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী। গতকাল বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিকে নিম্নমানের ছাপা এবং ভুলে ভরা বইয়ের জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ভুলে ভরা পাঠ্যবইয়ের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে।
রুস্তম আলী এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের বিবৃতি দাবি করেন। তিনি বলেন, ‘এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। বছরের প্রথম দিনে হাতে বই পেয়ে শিক্ষার্থীরা খুশি। এক দিনে কোটি কোটি বই বিতরণে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। কিন্তু যারা বই ছাপে, তাদের মধ্যে একটা কারসাজি রয়েছে। তারা নিম্নমানের বই ছাপিয়েছে। বই দেওয়ার সঙ্গে সঙ্গে মলাট খুলে গেছে।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কবে দেশে ফিরেছেন? পঞ্চম শ্রেণির বইয়ে সালটা দিলেন একটা, তারিখ দিলেন আরেকটা। পাঠ্যপুস্তক ছাপানোর মতো জাতীয় দায়িত্ব যাঁরা পালন করেছেন, তাঁদের এটা দেখে বাজারে ছাড়া উচিত ছিল।’
অনির্ধারিত আলোচনার পর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত বিষয়ে আলোচনা হয়। অধিবেশন ৩১ জানুয়ারি রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মুলতবি করা হয়।