ভুলে ভরা পাঠ্যবই প্রত্যাহার না হলে মন্ত্রণালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ জানুয়ারির মধ্যে ভুলে ভরা পাঠ্যবই প্রত্যাহার ও বাদ দেওয়া প্রগতিশীল লেখকদের লেখা যুক্ত না হলে পরদিন ৩১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে প্রগতিশীল কয়েকটি সংগঠন। সংগঠনগুলো বলেছে, তারপরও দাবি মানা না হলে কনভেনশন করে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ ও প্রগতিশীল লেখকদের রচনা বাদ দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে বিক্ষুব্ধ অবস্থান ও সমাবেশ থেকে এই কর্মসূচি দেওয়া হয়। কর্মসূচি ঘোষণা দেন আয়োজক সংগঠনগুলোর একটি উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার। সমাবেশে কোনো কোনো বক্তা দায়ী ব্যক্তিদের পদত্যাগ এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে তদন্তের দাবি জানান। প্রগতিশীল গণসংগঠনগুলোর ব্যানারে ১১ জানুয়ারি সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি দেওয়া হয়েছিল।

গতকাল সমাবেশে উদীচীর সভাপতি সফিউদ্দিন আহমদ অভিযোগ করেন, বইয়ে যে বিষয়গুলো এসেছে সেগুলো ভুল নয়। এগুলো পরিকল্পিতভাবে করা হয়েছে।

শিক্ষাবিদ এ এন রাশেদা ভুলভ্রান্তির জন্য এনসিটিবির সমালোচনা করে বলেন, এই ভবনের নাম হওয়া উচিত অশিক্ষাক্রম ও অপাঠ্যক্রম বোর্ড।

ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বইয়ে ভুল ও ‘সাম্প্রদায়িকীকরণ’-এর জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন শ্রাবণ প্রকাশনের স্বত্বাধিকারী রবিন আহসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা আবদুল্লাহ আল কাফী, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জীবন আনন্দ, খেলাঘর আসরের আতিকুল হক প্রমুখ। ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

মহিলা পরিষদের ক্ষোভ: পাঠ্যবইয়ে সাম্প্রদায়িক ও লৈঙ্গিক বৈষম্যপূর্ণ শব্দ ও বিষয় অন্তর্ভুক্ত করায় তীব্র ক্ষোভ, উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করে অবিলম্বে তা পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল গণমাধ্যমে পাঠানো পরিষদের এক বিবৃতিতে এই ক্ষোভ ও দাবি জানানো হয়।