ভুলে ভরা পাঠ্যবই প্রত্যাহারের দাবিতে সমাবেশ
ভুলে ভরা পাঠ্যবই প্রত্যাহার এবং এ জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মৌলভীবাজারে সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় মৌলভীবাজার শহরের কোর্ট এলাকায় মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সামনে প্রগতিশীল সংগঠনগুলোর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সহসভাপতি জহরলাল দত্ত। লোকগান শিল্পী মীর ইউসুফের সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষাবিদ, লেখক ও ছোট কাগজ ফসল সম্পাদক মোহাম্মদ আবদুল খালিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন, বাসদ জেলা কমিটির আহ্বায়ক মইনুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ভুলে ভরা পাঠ্যবই প্রত্যাহার এবং এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বহুধারার শিক্ষাব্যবস্থা ভেঙে একই ধারার বিজ্ঞানভিত্তিক ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ অসাম্প্রদায়িক, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা ও পাঠ্যক্রম প্রণয়নের দাবি জানিয়ে আসছে এ দেশের প্রগতিশীল শক্তি। সাধারণ ও প্রগতিশীল মানুষের দাবি উপেক্ষা করে ভোটের সমীকরণ মাথায় রেখে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর দাবি মেনে নিয়ে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক ও ধর্মীয় বৈষম্যমূলক সব উপাদান যুক্ত করা হয়েছে। অবিলম্বে ভুলে ভরা ও সাম্প্রদায়িক উপাদানে ভরপুর সব পাঠ্যপুস্তক প্রত্যাহার করে দ্রুত শিক্ষার্থীদের হাতে সংশোধিত পাঠ্যপুস্তক পৌঁছে দিতে হবে।