ভুলে ভরা পাঠ্যবই: শুদ্ধিপত্র প্রকাশ করবে এনসিটিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শুদ্ধিপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে এ-সংক্রান্ত কাজ।

আজ বৃহস্পতিবার ও গতকাল বুধবার (১১ ও ১২ সেপ্টেম্বর) ‘প্রথম আলো’য় পাঠ্যবইয়ের ভুলত্রুটি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ নির্দেশ দেন বলে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়।

এদিকে শিক্ষামন্ত্রী আজ প্রথম আলো ডটকমকে জানান, পত্রিকায় এসব প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এ কাজে জড়িতদের সম্পর্কে এবং ভুলত্রুটির বিষয়ে মোটামুটি ধারণা পাওয়া গেছে। মন্ত্রী আরও বলেন, দেশের জ্ঞানী-গুণী ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এসব কাজ করেছেন। তাঁদের মধ্যে মাত্র একজন অধ্যাপক দায়দায়িত্ব নিয়ে ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার স্বার্থে জনকল্যাণমূলক এ কাজের জন্য সম্মানীর বিষয়টি ততটা গুরুত্ব দিয়ে দেখা উচিত নয়। সম্মানীর পরিমাণ যা দেওয়া হয় তা যথেষ্ট নয়—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষার স্বার্থে এবং শিক্ষার্থীদের কথা ভেবে এ কাজটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকতার সঙ্গেই করা উচিত।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, পাঠ্যবইয়ের এসব ভুল সংশোধনের ক্ষেত্রে বিলম্ব ও গাফিলতির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে দেশের প্রতিটি স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে শুদ্ধিপত্র পৌঁছে দেওয়া হবে।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবির ওয়েবসাইটেও শুদ্ধিপত্র প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে।  

তথ্য বিবরণীতে আরও জানানো হয়, এনসিটিবি প্রকাশিত মাধ্যমিক স্তরের সব পাঠ্যবইয়ের যে পৃষ্ঠার যে লাইনে ভুল আছে এবং তার স্থলে সংশোধনী উল্লেখ করে শুদ্ধিপত্র প্রকাশের কাজ চলছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, শিক্ষামন্ত্রী নির্দেশ দেওয়ার পর আজ থেকেই শুদ্ধিপত্র প্রকাশের কাজ শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এনসিটিবি এবার ১৭ বছর পর জাতীয় শিক্ষানীতির আলোকে যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন করেছে। সে অনুযায়ী ২০১৩ সালে পরীক্ষামূলক সংস্করণের পাঠ্যবই প্রকাশ করা হয়েছে। দেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এ শিক্ষাক্রম ও পাঠ্যবই প্রণয়ন করেছেন। দীর্ঘদিন পর সীমাবদ্ধ সময়ে যুগোপযোগীকরণ করতে গিয়ে পাঠ্যবইয়ের কিছু ক্ষেত্রে তথ্য ও বানানগত ত্রুটি-বিচ্যুতি ঘটেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এনসিটিবি ভুল সংশোধন করে এবং পাঠ্যবইয়ের উপযোগিতা যাচাই এবং যৌক্তিক মূল্যায়ন-সংক্রান্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম শুরু করেছে। এ লক্ষ্যে ছয় মাসব্যাপী কার্যক্রম চলবে।