ভুলে ভরা প্রশ্নপত্রের তদন্ত নয় মাস পর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভুলে ভরা প্রশ্নপত্রে যে পরীক্ষা হয়েছিল নয় মাস পরে এসে তার তদন্ত হচ্ছে। ১৫ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (তদন্তও শৃঙ্খলা) ইন্দু ভূষণ দেব আদিতমারী উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের উপস্থিতিতে তদন্ত করেন।
২০১৪ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির বাংলা ও তার আগে অনুষ্ঠিত ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রে ভুলের অভিযোগ ওঠে। এরপর ৯ ডিসেম্বর লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট ৫ কর্মকর্তা ও ২ প্রধান শিক্ষককে এর কারণ ব্যাখ্যা করতে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়।
ভুলে ভরা প্রশ্ন নিয়ে প্রথম আলোর অনলাইন সংস্করণ ও পত্রিকায় দুটি সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল সালাম ও লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) আকতারুন নেছা সংশ্লিষ্ট কার্যালয়ে এর কারণ বিষয়ে জানতে চেয়ে দুটি পৃথক পত্র দেন।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, প্রথম আলোতে ভুলে ভরা প্রশ্নপত্রে পরীক্ষার বিষয়ে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের এর কারণ ব্যাখ্যা করতে বলা হয়। তিনি বলেন, জবাবে প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টি স্বীকার করে সংশ্লিষ্টরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের অবস্থান ও ব্যাখ্যা উপস্থাপন করেন।
তিনি বলেন, ওই বিষয়ে প্রশ্নপত্র প্রণয়নে বিভিন্ন ভুল ও অসংগতি ছিল, যা কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে এবং পরীক্ষা পরিচালনা কমিটি থাকা স্বত্বেও এ ধরনের ভুলে ভরা প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া কর্তব্যে চরম অবহেলার শামিল। এ বিষয়গুলি বিবেচনা করে এর কারণ ও প্রতিকার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তদন্ত হচ্ছে বলে জেনেছি।
এ ব্যাপারে আদিতমারী উপজেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন আজাদী বলেন, ‘যা বলার ছিল তা আমরা ২০১৪ সালের ১৪ ডিসেম্বর লিখিতভাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে জানিয়েছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালকে সঠিকভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও মুদ্রণের দায়িত্ব অনিচ্ছাকৃত ভুলত্রুটির কথা স্বীকার করেছি। ভবিষ্যতে আর হবে না এ মর্মে সাবধান থাকার প্রতিশ্রুতি দিয়েছি।’

আরও পড়ুন: