ভুলে ভরা মূল্যায়ন পরীক্ষার ফল
চলতি বছরের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার আগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নেওয়া মূল্যায়ন পরীক্ষার ফলাফলে অনেক ভুলত্রুটি ধরা পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর পঞ্চম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষায় উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার অধীন ৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০০টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৫টি কিন্ডারগার্টেন/ব্র্যাক বিদ্যালয়ের চার হাজার ৬৭৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। গত ১২, ১৩ ও ১৫ অক্টোবর ২৩টি কেন্দ্রে এসব শিক্ষার্থীর মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। তিন-চার দিন আগে কেন্দ্র থেকে মূল্যায়ন করা খাতা প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের দেখানোর জন্য পাঠানো হয়। খাতা হাতে পেয়ে বিভিন্ন ভুল খুঁজে পায় শিক্ষক ও শিক্ষার্থীরা। এসব ভুলের মধ্যে রয়েছে—খাতায় যে নম্বর দেওয়া হয়েছে, উত্তরপত্রে সেই নম্বর যোগ করতে ভুল করা হয়েছে। ভুল উত্তরে নম্বর দেওয়া হয়েছে, অথচ সঠিক উত্তরে নম্বর দেওয়া হয়নি। অনেক খাতায় পরীক্ষকের স্বাক্ষর পর্যন্ত নেই। উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই উত্তরপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকবর হোসেন বলেন, ‘আমার স্কুলের বিজ্ঞান ও ইসলাম ধর্ম বিষয়ে সবচেয়ে বেশি ভুল ধরা পড়েছে। অনেক শিক্ষক যাচাই-বাছাই না করেই খাতায় উল্টাপাল্টা নম্বর দিয়েছেন।’ প্রায় একই ধরনের কথা বলেন সুবর্ণগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশেদুর রহমান খান, চকগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক, আবদুল্লাহ অক্সফোর্ড একাডেমির অধ্যক্ষ আবদুল্লাহ সরকার ও ইউনিভার্স একাডেমির অধ্যক্ষ তৌহিদুল ইসলাম।ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব জেসমিন আরা বলেন, অনেক খাতায়ই ভুল ধরা পড়েছে। সেগুলো সংশোধন করে ঠিক করে দেওয়া হচ্ছে। পাঙ্গাসী ক্লাস্টারের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াকুব হোসেন খান বলেন, মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর সব শিক্ষককে দিয়ে কেন্দ্রে বসে খাতা দেখা হয়। ফলে কিছু ভুলত্রুটি হতে পারে। সমাপনী পরীক্ষায় এ ধরনের ভুল হওয়ার সুযোগ নেই। পরীক্ষার খাতা মূল্যায়নকারী কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, খাতা দেখা বাবদ কোনো ভাতা না থাকায় অনেক শিক্ষকই নামকাওয়াস্তে খাতা দেখে নম্বর দিয়ে ছেড়ে দেন। ফলে ভুলত্রুটির মাত্রা বেশি হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, মূল্যায়নপত্রের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে খাতা মূল্যায়ন করা হয়। কাজেই ভুল হওয়ার আশঙ্কা নেই।