ভুলের কারণেই মারা গেল শিশুটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার ননসিন আনোয়ার নামের ১০ মাসের একটি শিশু মারা গেছে। সে সাভার পৌরসভার বনপুকুর এলাকার শাহাদাত আনোয়ারের মেয়ে। গত রোববার তাকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে ওপিভি ও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি হামের টিকা দেওয়া হয়েছিল। এর এক দিন আগেও শিশুটিকে ওপিভি ও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল। শিশুটির পরিবারের দাবি, দ্বিগুণ মাত্রায় ওপিভি ও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোয় সে অসুস্থ হয়ে পড়ে এবং যার পরিণতিতে মারা যায়। তবে চিকিৎসকেরা বলছেন, টিকার কারণে শিশুটির মৃত্যু হয়েছে—এটা নিশ্চিত করে বলা মুশকিল।শিশুটির মা জাহিদা আক্তার জানান, গত শনিবার জাতীয় টিকা দিবসে তিনি মেয়ে ননসিনকে সাভার বনপুকুর এলাকার চাইল্ড হ্যাভেন স্কুল টিকাদান কেন্দ্রে নিয়ে যান। ওই টিকাদান কেন্দ্র থেকে ননসিনকে ভিটামিন-এ ও ওপিভি খাওয়ানো হয়। নির্ধারিত সময়ে হামের টিকা দেওয়ার জন্য পরের দিন (সোমবার) মেয়েকে তিনি সাভারের ছায়াবীথি এলাকার নগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে হামের টিকা দেওয়ার পাশাপাশি তাকে পুনরায় ওপিভি ও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়।জাহিদা আক্তার জানান, আগের দিন ওপিভি ও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়টি জানানোর পরও নগর স্বাস্থ্যকেন্দ্রের প্যারামেডিক্স দেবী তাকে ওপিভি ও ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে দেন। ননসিনের বাবা শাহাদাত আনোয়ার জানান, নগর স্বাস্থ্যকেন্দ্র থেকে বাসায় ফেরার পরই তাঁর মেয়ের পেটে সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে তাঁর পেট ফাপতে থাকে এবং একপর্যায়ে সে খাওয়া বন্ধ করে দেয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ননসিনকে তাঁরা সাভার বাসস্ট্যান্ড এলাকার ডক্টরস চেম্বারে শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মো. রফিকুল ইসলামের কাছে নিয়ে যান। তাঁর পরামর্শে ওই দিন রাত ১০টার দিকে মেয়েকে নিয়ে রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি করা হয়। এর দেড় ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায়।শিশু হাসপাতাল থেকে দেওয়া ননসিনের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে মন্তব্য করা হয়েছে—রক্তে রোগজীবাণু ছড়িয়ে পড়ার কারণে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়। তবে এটা মানতে নারাজ ননসিনের পরিবার।শিশুটির চাচা শওকত আনোয়ার অভিযোগ করেন, ভুল করে ননসিনকে দ্বিগুণ মাত্রার ওপিভি ও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কারণেই সে মারা গেছে। এখন বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এ রকমই ইঙ্গিত দিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই টেকনিশিয়ান) মাসুদ কামরান। তাঁর মতে, এক দিনের ব্যবধানে দুবার ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কারণেই পেটের পীড়া থেকে শিশুটির পেট ফাপতে পারে। এ ছাড়া ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর নিয়ম নেই বলেও তিনি জানান।যোগাযোগ করা হলে শিশু বিশেষজ্ঞ রফিকুল ইসলাম বলেন, ‘ননসিনকে যখন তাঁর কাছে নিয়ে আসা হয়, তখন তার পেট অসম্ভব রকম ফোলা ছিল এবং পেটে প্রচুর গ্যাস ছিল। এ কারণেই তাকে শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে দ্বিগুণ মাত্রায় ওপিভি ও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কারণে তার এ অবস্থা হয়েছিল কি না, তা আমি নিশ্চিত নই।’ছায়াবীথি নগর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, নিয়মানুযায়ী এখান থেকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কথা না। ভুলক্রমে খেয়ে থাকলেও এ কারণে কোনো শিশুর মারা যাওয়ার কোনো কারণ নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শামসুজ্জামান জানান, নিয়মানুযায়ী কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে এখন আর ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কথা নয়। শুধু জাতীয় টিকা দিবসের দিনে টিকাদান কেন্দ্র থেকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ বিষয়ে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। নগর স্বাস্থ্যকেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, ‘শিশু কার্ডে তাদের কেন্দ্রটি থেকে গত রোববার ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়টি উল্লেখ করা হলেও মূলত সেদিন ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়নি বলে জানতে পেরেছি।’