ভুলের খেসারত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গাড়ি তল্লাশির সময় ভুল করে নিয়ে যাওয়া পুলিশের একটি অস্ত্র ফেরত দিতে এসে গতকাল শনিবার এক ট্যাক্সিক্যাব চালক আটক হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা জানান, শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি ট্যাক্সিক্যাবকে থামতে সংকেত দেয় পুলিশ। কিন্তু ট্যাক্সিক্যাবের চালক দ্রুত গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে ওই গাড়িটি আটকের চেষ্টা করে এবং গাড়ির জানালা দিয়ে আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে চালক আবদুল মান্নানকে আঘাত করার চেষ্টা করে। এ সময় মান্নান দ্রুত গাড়িটি চালিয়ে গেলে পুলিশের রাইফেলটি গাড়ির ভেতরে পড়ে যায়। গতকাল দুপুরে মান্নান ঢাকার কদমতলী থানায় রাইফেলটি জমা দেওয়ার সময় পুলিশ তাঁকে আটক করে। মান্নান কিশোরগঞ্জের মিঠামইনের আবদুল করিমের ছেলে। এ ব্যাপারে এসআই ফজলুল হক তালুকদার জানান, ট্যাক্সিক্যাবের চালক ভুল করে পুলিশের রাইফেলসহ গাড়িটি চালিয়ে চলে যান। ১০ মিনিট পর তিনি অস্ত্রটি ফেরত দেন। গতকাল দুপুরে অস্ত্রটি ঢাকার কদমতলী থানায় জমা দেওয়ার সময় মান্নানকে আটক করা হয়েছে—প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি তো জানেনই। তাহলে আমি আর কী বলব।’ কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহার হোসেন ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।