ভুলের জন্য জেল সুপারের লিখিত ক্ষমাপ্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা মামলার দুই আসামি কারাগার থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য অনুতপ্ত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (জেল সুপার) ইকবাল কবির চৌধুরী। গত বৃহস্পতিবার লিখিতভাবে আদালতের কাছে ক্ষমা চান তিনি।
এর আগে ১৯ জানুয়ারি চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া এক আদেশে বেআইনিভাবে দুই আসামিকে মুক্তি দেওয়ায় কেন জেল সুপারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চান।
লিখিত জবাবে জেল সুপার উল্লেখ করেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল ও আদালতের আদেশ পালন করতে সর্বদা প্রস্তুত তিনি। নিঃশর্ত ক্ষমা ও ব্যাখ্যার দায় থেকে অব্যাহতি দানের জন্য আদালতকে অনুরোধ করেন তিনি।
এতে উল্লেখ করা হয়, ‘দুই আসামিকে ১০ জানুয়ারি হাজির করার নির্দেশ দেওয়া হলো’ আদালত থেকে পাঠানো কাগজে তা স্পষ্ট লেখা থাকলেও দায়িত্বরত উপকারাধ্যক্ষ মনির হোসেন ও আবদুর রব ঊর্ধ্বতন কারও সঙ্গে আলোচনা না করে আসামিদের মুক্তি দেন। এ ঘটনায় দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মহা-কারাপরিদর্শককে চিঠি দেওয়া হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, জেল সুপারের নিঃশর্ত ক্ষমা চেয়ে দেওয়া লিখিত জবাব নথিভুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি। একই ঘটনায় বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্যের বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।
গত বছরের ২৯ নভেম্বর গভীর সাগরে অভিযান চালিয়ে মাছ ধরার একটি ট্রলার থেকে সাত লাখ ইয়াবা বড়ি উদ্ধার করে র্যা ব। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় মিয়ানমারের চার নাগরিকসহ সাতজনকে। তাঁদের মধ্যে শরীফ হোসেন ও মো. সামসুল নামের দুই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৮ জানুয়ারি আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ১০ জানুয়ারি দিন ধার্য করেন। কিন্তু আদালতে দায়িত্ব পালন করা পুলিশের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে ওই মামলা থেকে দুই আসামিকে অব্যাহতি দেওয়াসংক্রান্ত আদেশ পাঠানো হয় কারাগারে। আদেশ পেয়ে কারা কর্তৃপক্ষ ৯ জানুয়ারি দুই আসামিকে মুক্তি দেয়।
১০ জানুয়ারি রিমান্ড শুনানির ধার্য দিনে দুই আসামি হাজির না হওয়ায় বিষয়টি জানাজানি হয়। আদালত দায়িত্বরত পুলিশ ও কারা কর্তৃপক্ষের কাছে কারণ ব্যাখ্যা চান। এ ঘটনায় চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের নির্দেশে আদালতে পুলিশের জিআর শাখায় দায়িত্ব পালন করা পতেঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হারুন ও কনস্টেবল বোরহান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে আদালত পুলিশ ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়কের কাছে কারণ ব্যাখ্যা চান।
এ নিয়ে ১৩ জানুয়ারি ‘পুলিশের ভুলে কারাগার থেকে বেরিয়ে গেলেন দুই আসামি’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।