ভুলের মাশুল ছয় লাখ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট স্টেডিয়াম ছাড়া নগরে উন্মুক্ত মাঠ-ময়দানের সংখ্যা হাতেগোনা। এর একটি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার পার্শ্ববর্তী মাঠ। রাজনৈতিক সভা-সমাবেশ আর বিকেলে ছোটদের খেলাধুলার জন্য নগরের কেন্দ্রস্থলের এ মাঠ ‘আলিয়া মাদ্রাসা মাঠ’ নামে পরিচিত। শিক্ষা-প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা এ মাঠে হঠাত্ করে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু হয়। প্রায় ছয় লাখ টাকায় মাঠের পশ্চিম অংশে সীমানাপ্রাচীরের নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় আবার ভেঙে ফেলা হয়। কেন এই গড়া আর ভাঙা? অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ‘ভুলে’ এমনটি হয়েছে। সিলেটের শিক্ষা-প্রকৌশল অধিদপ্তর ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০০৮-০৯ অর্থবছরে পাঁচ লাখ ৯০ হাজার ৮৩৭ টাকা ব্যয়ে মাদ্রাসার অধ্যক্ষের বাসভবনের দিকের দেয়াল নির্মাণের প্রকল্প অনুমোদন করা হয়। এ প্রকল্পের আওতায় গত ফেব্রুয়ারিতে কাজ শুরু হয় এবং শেষ হয় ৩০ মার্চ। কিন্তু অধ্যক্ষের বাসভবনের চারপাশে দেয়াল নির্মাণ না করে প্রতিষ্ঠানটির মাঠের পশ্চিম দিকে দেয়াল নির্মাণ করা হয়। কাজ শেষ হওয়ার পর ‘ভুল’ হয়েছে জানতে পেরে সীমানাপ্রাচীর ভাঙা শুরু হয় ১১ এপ্রিল। এ প্রসঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ মো. মাহমুদ ইকবাল জানান, অধ্যক্ষের বাসভবনটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তাই ওই স্থানে দেয়াল নির্মাণের পরিবর্তে মাঠের চারপাশে দেয়াল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, ‘তৈরি করার পর কেন এটি ভেঙে ফেলা হয়েছে তা আমরা সঠিক বলতে পারব না।’সিলেট শিক্ষা-প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হেকিম ‘ভুল’ হওয়ার বিষয়টি সরাসরি স্বীকার না করে বলেন, উন্মুক্ত মাঠে সীমানাপ্রাচীর দেওয়ায় স্থানীয় মানুষের আপত্তি ছিল। এ ছাড়া পরিবেশবান্ধব না হওয়ায় সীমানাপ্রাচীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে। খুব শিগগিরই আবার পরিবেশ উপযোগী করে সীমানাপ্রাচীর নির্মাণ করা হবে বলে তিনি জানান। ছয় লাখ টাকার ক্ষতির দায় কার—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘটনাটি আপনারা ইগনোর করে যান! যেভাবেই হোক এ বিষয়টি আমরা সমন্বয় করব।’