ভুসিতে তুষ, কাঠের গুঁড়া
পাবনার বেড়া উপজেলায় গো-খাদ্য হিসেবে ব্যবহূত ভুসিতে প্রকাশ্যে ভেজাল মেশানো হচ্ছে। একশ্রেণীর ব্যবসায়ী দেশীয় ও ভারত থেকে আমদানি করা ডাল ও গমের ভুসির সঙ্গে পচা আটা, ধানের তুষ, নষ্ট ভুসি এমনকি কাঠের গুঁড়া মিশিয়ে বস্তায় ভরে বিভিন্ন নামের ভুয়া লেবেল লাগিয়ে বিক্রি করছেন। এতে খামারিরা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি অসুস্থ হয়ে পড়ছে তাঁদের গবাদিপশু।খোঁজ নিয়ে জানা যায়, বেড়া ও পাশের উপজেলাগুলোতে প্রচুর গবাদিপশু পালন করা হয়। এ কারণে গো-খাদ্যের ব্যাপক চাহিদা থাকায় বেড়ায় গড়ে উঠেছে প্রচুর পাইকারি ও খুচরা গো-খাদ্য বিক্রির প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান থেকে বেড়া ছাড়াও পাশের সাঁথিয়া, শাহজাদপুর, চৌহালিসহ বিভিন্ন উপজেলার খামারিরাও গো-খাদ্য কিনে থাকেন। বেড়ার কয়েকজন ব্যবসায়ী ভারত থেকে গো-খাদ্য বিশেষ করে ভুসি আমদানি করে থাকেন। এ ছাড়া দেশের অন্যান্য এলাকা থেকেও বেড়ায় গো-খাদ্য আনা হয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সম্প্রতি ভুসির দাম বেড়ে যাওয়ায় একশ্রেণীর ব্যবসায়ী ভুসিতে ব্যাপক ভেজাল মেশানো শুরু করেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ভেজালকারীরা দেশীয় ও ভারত থেকে আমদানি করা ভালো ভুসি তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অথবা ভেতরে বস্তা থেকে ঢেলে স্তূপ করে রাখেন। এরপর এর সঙ্গে নিম্নমানের ধানের তুষ, বিভিন্ন আটার মিল থেকে স্বল্প দামে নিয়ে আসা পচা আটা মেশানো হয়। কখনো কখনো নষ্ট অথবা পচা চাল ও জমাটবদ্ধ পচা ভুসি গুঁড়ো করেও মেশানো হয়। পরে সেগুলো বস্তায় ভরে যন্ত্রের সাহায্যে সেলাই করে দেওয়া হয়। প্রতিটি বস্তায় সেঁটে দেওয়া হয় বিভিন্ন নামের ভুয়া লেবেল।নাম প্রকাশে অনিচ্ছুক বেড়া বাজারের এক ভুসি ব্যবসায়ী বলেন, ভেজালের কারবারের সঙ্গে গুটিকয়েক ব্যবসায়ী জড়িত। আর তাঁদের কারণেই এলাকার অন্য ব্যবসায়ীদের সুনাম নষ্ট হচ্ছে। আবার অনেক খামারিও আছেন, যাঁরা অল্প দামের ভুসি খোঁজেন। ভেজালকারীরা এসব খামারির কাছেই সাধারণত ভেজাল ভুসি গছিয়ে থাকেন। বেড়া পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার খামারি আবুল কালাম আজাদ বলেন, ভুসিতে ভেজাল মেশানোর বিষয়টি এখন একটি খোলামেলা ব্যাপার। সবার চোখের সামনে এ কাজটি করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছে না।মিল্ক ভিটা দুগ্ধ সমবায় সমিতির আওতাধীন বেড়া উপজেলার হাটুরিয়া-জগন্নাথপুর প্রাথমিক দুগ্ধ সমিতির সভাপতি মোমিন মোল্লা বলেন, ‘আমার সমিতির ১৭১ জন সদস্যের (খামারি) প্রায় প্রত্যেকেই ভেজাল গো-খাদ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভেজাল গো-খাদ্যের কারণে কারও কারও গরু অসুস্থও হচ্ছে।’বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল আলম বলেন, গো-খাদ্য বিশেষ করে ভুসিতে ভেজাল মেশানো হয় বলে খামারিদের কাছ থেকে তাঁরা অভিযোগ পেয়েছেন। ভেজাল গো-খাদ্যের কারণে কিছু কিছু গরুর সমস্যা দেখা দিচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিগগিরই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলবেন তিনি।ইউএনও হাসানুল মতিন বলেন, ভেজাল গো-খাদ্যের ব্যাপারে বিচ্ছিন্নভাবে শোনা গেলেও সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ করেননি। তার পরও প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে এ ব্যাপারে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।