ভুয়া আবেদন আমলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইকালে ভুয়া আবেদন আমলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একজন মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে এ ভুয়া অভিযোগ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, গত ২৬ ডিসেম্বর সালথার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা কাদের মোল্লার নামে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বরাবর একটি আবেদন দেওয়া হয়। এতে ১২ জন মুক্তিযোদ্ধা নন দাবি করে তদন্ত করে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ করা হয়। আবেদনপত্রটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়। পরে আবেদনপত্রটি কাদের মোল্লার নজরে আসে। এরপর ৫ ফেব্রুয়ারি তিনি ১২ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের জন্য ইউএনওকে লিখিত আবেদন দেন।
আবেদনে কাদের মোল্লা বলেন, ‘আমার নামে ১২ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। ওই আবেদনপত্রে যে স্বাক্ষর করা হয়েছে, তা আমার নয়। কে বা কারা নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য আমার নাম দিয়ে স্বাক্ষর করে ১২ জনের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেছেন।’
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ মোবাশ্বের হাসান প্রথম আলোকে বলেন, ‘আমি নীতিমালা অনুসরণ করে যাচাই-বাছাই করছি। নীতিমালা অনুযায়ী কোনো মুক্তিযোদ্ধার নামে অভিযোগ উঠলে তাঁর নাম গেজেটসহ লাল বই ও মুক্তিবার্তায় থাকলেও তাঁকে যাচাই-বাছাইয়ের আওতায় আনার কথা।’
কাদের মোল্লা বলেন, ‘আমি ১২ জন মুক্তিযোদ্ধার নামে কোনো অভিযোগ করিনি। নীলনকশার অংশ হিসেবে আমার নাম ব্যবহার করে এ কাজটি কেউ করে থাকতে পারেন। আমি আমার অবস্থান লিখিতভাবে ইউএনওকে জানিয়েছি। এরপরও তিনি ভুয়া অভিযোগ নিয়ে কেন ওই মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের উদ্যোগ নিয়েছেন, তা আমার বোধগম্য নয়।’
ইউএনও বলেন, ‘অভিযোগ উঠলে যাচাই-বাছাই করাই নিয়ম। আজ কাদের মোল্লা যা বলছেন, তা যদি আমি মানি, তাহলে পরবর্তী সময়ে তিনি “আমি অভিযোগ করেও প্রতিকার পাইনি” মর্মে পাল্টা অভিযোগ তুলবেন না তার নিশ্চয়তা নেই।’