ভুয়া ঋণের দায় থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি ব্যাংকের মাগুরা সদর উপজেলার আলমখালী বাজার শাখা থেকে ভুয়া তালিকা করে ঋণের প্রায় চার কোটি টাকা আত্মসাতের ঘটনায় ভুক্তভোগী কৃষকেরা বিক্ষোভ করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাঁচ শতাধিক কৃষক আলমখালী বাজারে সমাবেশ করেন। তাঁরা ভুয়া ঋণের দায় থেকে মুক্তি এবং তাঁদের নামে যারা ভুয়া ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রাজ্জাক, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায়, হাজরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পঙ্কজ কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
সুদর্শন রায় বলেন, ‘যদি ওই ভুয়া তালিকায় থাকা কোনো কৃষকের বিরুদ্ধে ভবিষ্যতে ঋণখেলাপির অভিযোগে মামলা হয়, তাহলে পুলিশ তাঁদের গ্রেপ্তার বা হয়রানি করবে না বলে আশ্বাস দিয়েছি।’
কৃষি ব্যাংকের মাগুরার আঞ্চলিক সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আলাউদ্দিন বলেন, ‘কৃষকেরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেটা আমরা দেখছি। আমরা দোষী ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।’