ভুয়া ওয়ারেন্টে ১০ দিন কারাগারে দিনমজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শাহ আলী থানার ভুয়া মামলায় ঢাকা মহানগর হাকিম আদালতের ভুয়া ওয়ারেন্টে বরিশালের আগৈলঝাড়া থানা-পুলিশ এক দিনমজুরকে গ্রেপ্তার করেছে। ওই দিনমজুর ১০ দিন ধরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক এ প্রসঙ্গে বলেন, ‘থানায় ওয়ারেন্টে এসেছে, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা তা তামিল করেছেন। বিষয়টি ভুয়া বলে অভিযোগ পেয়েছি। ওয়ারেন্ট ভুয়া কি না, সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

আগৈলঝাড়া থানা-পুলিশ সূত্র জানায়, গত ২৮ আগস্ট আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের মৃত হরিপদ দাসের ছেলে দিনমজুর উৎপল দাস (৪৫) ও তাঁর ছোট ভাই গৌতম চন্দ্র দাসের (৪০) নামে ঢাকার শাহ আলী থানার ফেব্রুয়ারি মাসে করা একটি মামলায় (নম্বর-৩৭) ওয়ারেন্ট থাকার আদেশ আগৈলঝাড়া থানায় আসে। এ সময় থানার ওসি আবদুর রাজ্জাক তা তামিল করার জন্য উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হোসেনকে দায়িত্ব দেন। এসআই জাহিদ ১ সেপ্টেম্বর উৎপল দাসকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বরিশাল বিচারিক হাকিম আদালতে সোপর্দ করেন। আদালতের বিচারক তাঁকে বরিশালে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে উৎপল দাস এখন পর্যন্ত জেলহাজতে রয়েছেন। ছোট ভাই গৌতম দাস পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

ঢাকার শাহ আলী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে আমার থানায় ১৮টি মামলা রেকর্ড হয়। ৩৭ নম্বর কোনো মামলা নেই। অন্য মামলাগুলোতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের উৎপল দাসের কোনো নাম নেই। এটা কোনো প্রতারক চক্রের কাজ হয়ে থাকতে পারে।’

উৎপল দাসের বোন সবিতা রানী দাস (৩৫) জানান, তাঁর ভাই দিনমজুরের কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করেন। গত ১০ দিন জেলহাজতে থাকায় পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন। ভুয়া মামলার ভুয়া ওয়ারেন্ট দিয়ে তাঁদের হয়রানি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, একই গ্রামের মৃত সতীশ দাসের ছেলে গোবিন্দ দাস (৪৫), তাঁর সহোদর দীপক দাস (৩৫) ও তাঁদের সহযোগীরা জালিয়াতি করে তাঁদের সম্পত্তি আত্মসাতের চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় উৎপল দাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় জালিয়াতির মামলা করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ওই মামলাটি তদন্ত শেষে গত ২ জুন পুলিশ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এতে ক্ষিপ্ত হয়ে উৎপল দাসকে হয়রানির করার উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন জালিয়াতি করে ভুয়া মামলা করেছেন। ওই মামলার ওয়ারেন্ট বের করে পুলিশ দিয়ে উৎপল দাসকে গ্রেপ্তার করিয়ে হয়রানি করছেন তাঁরা।

অভিযোগ সম্পর্কে গোবিন্দ দাস ও তাঁর সহোদর দীপক দাসের কাছে জানতে চাইলে তাঁরা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওয়ারেন্টের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’