ভুয়া কমিটি দাখিল করে টিআরের চাল আত্মসাৎ!
ভুয়া প্রকল্প কমিটি দাখিল করে কক্সবাজারের মহেশখালী উপজেলায় কবরস্থান সংস্কারের নামে এক টন টিআরের চাল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ওই প্রকল্প কমিটির অস্তিত্ব না পেলেও এর দায়ভার স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর পড়বে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে উপজেলা পরিষদের দ্বিতীয় পর্যায়ের টিআর থেকে কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া পূর্বপাড়া কবরস্থান সংস্কারের জন্য এক টন চাল বরাদ্দ দেওয়া হয়। সোনাদিয়া এলাকার কয়েক ব্যক্তির ভুয়া নাম দিয়ে একটি প্রকল্প কমিটি দাখিল করে গত এপ্রিল মাসে ওই এক টন টিআরের চাল উত্তোলন করে আত্মসাৎ করা হয়। পরে ওই ভুয়া প্রকল্প কমিটি নিয়ে স্থানীয় লোকজন অভিযোগ করার পর উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে তদন্ত করতে গিয়ে এসব অভিযোগের সত্যতা পায়। ফলে স্থানীয় প্রশাসন ভুয়া প্রকল্প কমিটির সভাপতি চৌধুরী মিয়াসহ অপর পাঁচ ব্যক্তির কোনো হদিস পায়নি।সোনাদিয়ার পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মোহামঞ্চদ সাইদুল আলম বলেন, কয়েক ব্যক্তির ভুয়া নাম দিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে একটি প্রকল্প কমিটি দাখিল করে কবরস্থানের জন্য বরাদ্দ করা টিআরের এক টন চাল উত্তোলন করে আত্মসাৎ করা হয়। আর ওই কমিটির অনুমোদন দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। কিন্তু কবরস্থানে এক টাকারও কাজ হয়নি। ফলে এনিয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বেশ কয়েকবার ধরনা দিয়েও কোনো কাজ হয়নি। স্থানীয় কুতুবজোম ইউপি চেয়ারম্যান মাওলানা শফিউল আলম বলেন, ‘জাতীয় পরিচয়পত্র দেখে ওই কমিটিতে আমি স্বাক্ষর করেছি। কিন্তু মাঠ পর্যায়ে টিআরের কাজ সঠিকভাবে হয়েছে কি না, তা দেখার দায়িত্ব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার বলেন, কাগজপত্র যাছাই করতে গিয়ে দেখা যায়, প্রকল্প কমিটির চেয়ারম্যান চৌধুরী মিয়ার জাতীয় পরিচয়পত্রটিও ভুয়া। আর প্রকল্প কমিটির অনুমোদন দেওয়ার এখতিয়ার স্থানীয় ইউপি চেয়ারম্যানের। তিনি বলেন, প্রকল্প কমিটির লোকজনের কোনো হদিস না পাওয়ায় তাঁদের নোটিশ পর্যন্ত দেওয়া যাচ্ছে না। ফলে প্রকল্প কমিটির লোকজনকে হাজির করতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নোটিশ দেওয়া হবে বলে তিনি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আনোয়ারুল নাসের বলেন, টিআরের চাল আত্মসাতের পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।