নেত্রকোনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী পরিচয়ে সংযোগ দিয়ে নয়জন গ্রাহকের কাছ থেকে অর্ধলক্ষাধিক টাকা নিয়ে গেছে দুই প্রতারক। কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় এবং মামলা করায় ওই গ্রাহকেরা এখন বিপদে আছেন।গত রোববার ধারিয়া নয়াপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, ১০-১৫টি বাড়িতে সার্ভিস তার ঝোলানো। মূল লাইন থেকে শুকনো চিকন বাঁশ, রেইনট্রি, সুপারি, আকাশমণি গাছের ডালে তার ঝুলিয়ে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নয়টি সংযোগ আট-নয় দিন আগে বিচ্ছিন্ন করা হয়েছে। কারও কারও সংযোগ নিতে তিন হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে।প্রতারিত গ্রাহক নয়ন মিয়া বলেন, ‘দুই-আড়াই মাস আগে ওয়াপদার (পিডিবি অফিস) কর্মচারী পরিচয়ে জনৈক রহিম আমার কাছ থেকে সাড়ে চার হাজার টাকা নিছে। অবৈধ লাইন বলে গত আট-নয় দিন আগে ওয়াপদার লোকজন এসে লাইনট্যা কাইট্যা দিছে। এহন শুনতাছি, আমাদের নামে মামলা করে কাগজপত্র ময়মনসিংহ বিদ্যুৎ অফিসে পাঠানো হয়েছে।’অপর গ্রাহক সুলতানের স্ত্রী কল্পনা বেগম বলেন, ‘আমাদের লাইন দিছে রহিম। এহন কয় অবৈধ লাইন।’ প্রতারিত সেচপাম্পের মালিক মানিক মিয়া বলেন, ‘আমি এর আগে সব মিলাইয়া জামালের কাছে ৩০ হাজার টেহা দিছি। সে কত দিন ঘুরাইয়া লাইন আর দেয় না, এদিকে মাঠ মইর্যা যায়। তহন অফিসের আলতাবুরের সাহায্যে লাইন লামাই।’ অভিযুক্ত রহিম ও জামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। পিডিবির নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মির্জা মো. কামরুজ্জামান বলেন, ‘জামাল, রহিম আমার অফিসের কেউ না। যেহেতু তারা অফিসের কেউ না, সে জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না। যারা তাদের মাধ্যমে অবৈধভাবে লাইন নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।