লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভুয়া কাগজপত্র দাখিল করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয়জন সহকারী শিক্ষকের প্রধান শিক্ষক পদে পদোন্নতি হয়েছে৷ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি তদন্তে বিষয়টি ধরা পড়লে তাঁদের আগের পদে বহাল করা হয়৷ পাশাপাশি প্রতারণা করায় অধিদপ্তর তাঁদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে৷
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, ২০১৩ সালের প্রথম দিকে রায়পুরের নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয়জন সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কাগজপত্র দাখিল করেন৷ ওই কাগজপত্রে উপজেলা শিক্ষা কমিটির অনুমোদন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশ রয়েছে৷ এরপর অধিদপ্তর থেকে তাঁদের পদোন্নতি দেওয়া হয়৷ পরে ২০১৩ সালের ২৪ মে ওই শিক্ষকদের প্রধান শিক্ষক পদের জন্য নির্ধারিত বেতন দেওয়ার জন্য উপজেলা শিক্ষা কার্যালয়ে নির্দেশ আসে৷ এরপর সন্দেহ হলে উপজেলা শিক্ষা কার্যালয় থেকে বিস্তারিত জানতে অধিদপ্তরে চিঠি দেওয়া হয়৷
চলতি বছরের ২৭ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ইমান আলী সরেজমিনে বিষয়টি তদন্ত করতে আসেন৷ তখন তিনি প্রমাণ পান, পদোন্নতি-সংক্রান্ত কোনো কাগজপত্র উপজেলা শিক্ষা কার্যালয় থেকে ঢাকায় পাঠানো হয়নি | তা ছাড়া উপজেলা শিক্ষা কমিটির অনুমোদন ও জেলা শিক্ষা কর্মকর্তার সুপারিশের বিষয়টিও ভুয়া৷
ওই শিক্ষকেরা হলেন উপজেলার উত্তর গাইয়ার চরের আমির হোসেন, উত্তর চর আবাবিলের পুতুল রানী সরকার, উত্তর চরবংশী জাফরিয়ার ধীমান মজুমদার, চরবংশী বাবুরহাটের কাজী আলী আহাম্মদ, চর পাগলা কািজবাড়ির মাহমুদা আক্তার, কেরোয়া মানছুরার মো. ইব্রাহিম খলিল, পূর্ব রায়পুর শেখ দুল্যার মাহবুবুর রহমান, উত্তর চর কাছিয়ার আকলিমা আক্তার ও মধ্য চরকাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাছিনা বেগম৷
অভিযোগ অস্বীকার করে আমির হোসেন বলেন, ‘আমরা উপজেলা শিক্ষা কার্যালয়ে কাগজপত্র জমা দিই৷ জাল বা ভুয়া কোনো কাগজ দেওয়া হয়নি৷ শিক্ষা কার্যালয় থেকে কাগজপত্র অধিদপ্তরে পাঠানো হয়েছে৷ জাল করলে তারা করেছে৷’ একই দাবি করেন ধীমান মজুমদার, ইব্রাহিম খলিল, আলী আহাম্মদ ও হাছিনা বেগম৷
জেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পদোন্নতি-সংক্রান্ত কোনো কাগজপত্র শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়নি৷ তদন্তে কাগজগুলো ভুয়া প্রমাণিত হওয়ায় ওই নয়জনকে আগের পদে বহাল করা হয়৷