ভুয়া কাগজে খাস পুকুর দখলের পাঁয়তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভুয়া কাগজপত্র তৈরি করে কয়েকটি খাস পুকুর দখলের পাঁয়তারা চলছে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি বরাদ্দ না নিয়েই ইতিমধ্যে একটি পুকুর দখলে নিয়ে মাছের পোনা ছেড়েছেন। এসব পুকুর সরকারি নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের ভূমিহীন সদস্যদের বন্দোবস্ত দেওয়ার কথা। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জানান, ভুয়া কাগজপত্র তৈরি করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নিয়ে পুকুরগুলো সরকারের নিয়ন্ত্রণে আনা হবে।ওই প্রকল্পের ভূমিহীন সদস্য ও উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রামীণ মৎস্য ও প্রাণিসম্পদ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা ২৫ বছরের জন্য (১৯৮৫ থেকে ২০১১ সাল পর্যন্ত) ৫১৫টি খাস পুকুর সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেয়। বর্তমান সরকার চুক্তি নবায়ন না করায় পুকুরগুলো ভূমি মন্ত্রণালয়ের অধীনে চলে যায়।গত জানুয়ারি মাসে পুকুরগুলো ভূমি মন্ত্রনালয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করে। এর মধ্যে থেকে প্রথম পর্যায়ে ৩৫৩টি পুকুর নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের অধীন ভূমিহীন সদস্যদের বন্দোবস্ত দেওয়ার কাজ শুরু হয়। এর পর স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ভুয়া কাগজপত্র তৈরি করে উপজেলা খাস পুকুর প্রকল্প বন্দোবস্ত ও পরিচালনা কমিটির কাছে জমা দেয়।উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দোবস্ত দেওয়ার তালিকায় থাকা এমন সাতটি পুকুরের মালিকানা দাবি করে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ইতিমধ্যে মৎস্য কার্যালয়ে ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন। এগুলো হলো: তালম ইউনিয়নের জয়সাগর, বারুহাস ইউনিয়নের রানীদিঘী, নওগাঁ ইউনিয়নের মথুরাদিঘী, তাড়াশ সদর ইউনিয়নের হাটখোলা, দেশীগ্রাম ইউনিয়নের বড় ধাইগাছী, ছোট ধাইগাছী ও দাসি পুকুর।ভূমিহীন সদস্য ও মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২ মে তাড়াশ উপজেলার নওগাঁ বাজারসংলগ্ন মথুরাদিঘী সাইফুল নামের স্থানীয় এক ব্যক্তি বাঁশ পুঁতে দখলে নেন। এ ছাড়া উপজেলার প্রায় ৪০ জন প্রভাবশালী ব্যক্তি বেশ কিছু পুকুর দখলের পাঁয়তারা করছেন।মথুরাদিঘী পুকুরের দায়িত্বে থাকা ভূমিহীন সমিতির সভাপতি মো. মানিক মিয়া বলেন, ‘আমরা ৪৮ জন ভূমিহীন সদস্য ২৫ বছর ধরে এখানে চাষ করছি। এবারও সরকারিভাবে আমাদের পুকুরগুলো বন্দোবস্ত দেওয়ার জন্য সকল প্রক্রিয়া শেষ করা হয়েছে। এরই মধ্যে প্রভাবশালীরা ভুয়া কাগজপত্র তৈরি করে পুকুর দখল করেছে।’ সাইফুল ইসলাম দাবি করেন, আরএস রেকর্ড মূলে তিনি ক্রয়সূত্রে ওই জমির মালিক। ১৬ বছর ধরে তিনি এখানে মাছ চাষ করছেন।নওগাঁ ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা আমজাদ হোসেন জানান, পুকুরটি খাস খতিয়ানভুক্ত। আরএস রেকর্ড করার সময় তদবির করে অবৈধভাবে কাটাকাটি করে এটি আরএসের খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি গ্রহণযোগ্য নয়।উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম আক্তার জানান, খাস পুকুরের মালিকানা দাবি করে জমা দেওয়া কাগজপত্রগুলো আমলে নেওয়া হচ্ছে না। কারণ, কাগজপত্রে গরমিল রয়েছে। প্রথম পর্যায়ে ৩৫৩টি পুকুর দুই বছর মেয়াদে প্রতি বিঘা ৬৬০ টাকা রাজস্ব নির্ধারণ করে বন্দোবস্ত দেওয়া হবে। পরে বাকিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই ৭০টি পুকুর বন্দোবস্ত দেওয়া হয়েছে।খাস পুকুর প্রকল্প বন্দোবস্ত ও পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ জাকির হোসেন জানান, বিষয়গুলো দেখে ভুল রেকর্ড সংশোধন করে পুকুরগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।