ভুয়া কাজি নিয়ে বিপাকে
পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের ১০টি গ্রামে সাতজন ভুয়া কাজি (রেজিস্ট্রার) বিবাহ নিবন্ধন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুঙ্গলী ইউনিয়নের সরকার অনুমোদিত কাজির দায়িত্বে ছিলেন সাইফুদ্দিন ইয়াহিয়া। তিনি বার্ধক্যজনিত কারণে ২০০৭ সালের জুন মাসে অবসরে যান। এরপর এখন পর্যন্ত কাজি নিয়োগ দেওয়া হয়নি। এই সুযোগে ইউনিয়নের রতনপুর গ্রামে হাবিবুর রহমান, দীঘুলিয়া গ্রামে আবদুর রউফ, বিলচান্দক গ্রামে ফকরুল হোসেন, বায়ড়াপাড়া গ্রামে আবুল কাশেম, শ্রীগোবিন্দপুর গ্রামে গোলাম মওলা, আগপুঙ্গলী গ্রামে আবদুল ওহাব ও পাছপুঙ্গলী গ্রামে আবদুল হামিদ বিবাহ নিবন্ধনের কাজ করছেন। তাঁদের কারও সরকারি অনুমোদন নেই। অন্য এলাকা থেকে নিবন্ধন বইয়ের পাতা সংগ্রহ করে তাঁরা বিবাহ নিবন্ধন করে থাকেন।রতনপুর গ্রামের মো. সুমন আলী বলেন, ‘এই গ্রামের হাবিবুর রহমান আমার বোনের বিবাহ নিবন্ধন করেছিলেন। কিন্তু বোনের বিদেশে যাওয়ার জন্য নিবন্ধন দলিলের প্রয়োজন হওয়ায় আমরা বহু চেষ্টা করেও ওই কাজির কাছ থেকে তা পাইনি।’অভিযুক্ত কাজি হাবিবুর রহমান বলেন, ‘আমাদের ইউনিয়নে নিবন্ধন বই না থাকায় অন্য ইউনিয়নের বইতে বিবাহ নিবন্ধন করা হয়েছে। এটা অন্যায় কিছু নয়।’পাছপুঙ্গলী গ্রামের কাজি আবদুল হামিদ বলেন, ‘আমি পাশের ইউনিয়নের মাওলানা আবদুল গফুরের নিবন্ধন বই নিয়ে বিবাহ নিবন্ধন করি। বৈধ কি অবৈধ, তা জানি না। গ্রামের মানুষের সুবিধার্থেই কাজটি করি।’ফরিদপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, বিবাহ নিবন্ধন নিয়ে পুঙ্গলী ইউনিয়নে জনগণ বিপাকে পড়েছে। সাইফুদ্দিন ইয়াহিয়া অবসরে যাওয়ার পর তাঁর বই নিয়ে হাবিবুর রহমান বিবাহ নিবন্ধন করায় তিনি মাস খানেক আগে মামলা করেছেন।’পুঙ্গলী ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত কাজি অবসরে যাওয়ার পর নিয়োগ কমিটির সদস্যসচিব উপজেলা সাব-রেজিস্ট্রারকে বিষয়টি অবহিত করা হয়েছে। কিন্তু কেন নতুন কাজি নেওয়া হচ্ছে না, তা আমার জানা নেই। তবে কাজি না থাকায় এলাকার মানুষ প্রতারিত হচ্ছে বলে বহু অভিযোগ পেয়েছি।’ খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৪ সালের মুসলিম বিবাহ আইন অনুযায়ী কোনো ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজি অবসরে গেলে উপজেলা সাব-রেজিস্ট্রারের অনুমতি সাপেক্ষে তিন মাসের জন্য পাশের ইউনিয়নের কাজিকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া যেতে পারে। তবে অবশ্যই এই তিন মাসের মধ্যে নতুন কাজি নিয়োগ দিতে হবে।ফরিদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার নজরুল ইসলাম বলেন, ‘দুই দফা দরখাস্ত আহ্বান করে প্যানেল তৈরি করার চেষ্টা করেছি। কিন্তু কমিটির অন্যান্য সদস্যের কারণে তা সম্ভব হয়নি। শিগগির নতুন কাজি নিয়োগ দেওয়া হবে।’