ভুয়া কাজি সমাচার!
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ সুযোগে দেলোয়ার হোসেন মুন্সি নামের এক ভুয়া কাজি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিবাহ নিবন্ধন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, জিনজিরা ইউনিয়নের সরকার অনুমোদিত কাজির দায়িত্বে ছিলেন নুরুল ইসলাম। তিনি ২০০৭ সালের মার্চ মাসে অবসরে যান। পরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে আগানগর ইউনিয়নের কাজি আবদুস সালামকে জিনজিরা ইউনিয়নের অস্থায়ী কাজি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ২০০৮ সালের মার্চ মাসে কেন্দ্রীয় জাতীয়তাবাদী ওলামা দলের সহসভাপতি দেলোয়ার হোসেন মুন্সিকে তৎকালীন ঢাকা জেলা প্রশাসক নিয়মনীতি উপেক্ষা করে জিনজিরা ইউপির নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগের অনুমোদনপত্র দেন। এই অনুমোদন আইনসম্মত না হওয়ায় জেলা রেজিস্ট্রার তাঁকে নিয়োগ দেননি। এই অবস্থায় ২০০৮ সালের জুনে জেলা প্রশাসক দেলোয়ার মুন্সির নিয়োগ অনুমোদন আদেশ প্রত্যাহার করেন। অভিযোগ উঠেছে, দেলোয়ার হোসেন মুন্সি নিয়োগ না পেয়েও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জিনজিরা ইউনিয়নের বিবাহ নিবন্ধন করছেন।কেরানীগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) মো. মাইনউদ্দিন জানান, ‘বিষয়টি আমার জানা নেই। কেউ নিয়োগ ছাড়া বিবাহ নিবন্ধনের কাজ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’