ভুয়া খবর ধরতে পারেন না ২২% মানুষ: গবেষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গবেষণা প্রতিবেদনের প্রচ্ছদে ব্যবহৃত ছবি

কোনো গণমাধ্যমে ভুয়া খবর প্রচারিত বা প্রকাশিত হলে ২২ শতাংশ পাঠক তাৎক্ষণিকভাবে তা ধরতে পারেন না। এই পাঠকদের বড় অংশ মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। তাঁদের তুলনায় যাঁরা এসএসসি পাস করেছেন, তাঁদের ৮৪ শতাংশই কোনটি ভুয়া খবর তা বুঝতে পারেন।

বুধবার প্রকাশিত ‘ট্রাস্ট, বাট ভেরিফাই: ফ্যাক্টরস অ্যাফেক্টিং মিডিয়া ট্রাস্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের আট বিভাগের ১ হাজার ১৭৬ জনের ওপর এ গবেষণা করা হয় গত বছরের জুলাই–আগস্ট মাসে। ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এবং দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে গবেষণাটি করেছে। এতে অর্থ সহযোগিতা দিয়েছে ইউকে এইড।

রাজধানীর মোহাম্মদপুরে এমআরডিআই কার্যালয়ে বুধবার বিভিন্ন গণমাধ্যমের ব্যবস্থাপকদের উপস্থিতিতে গবেষণার ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পাঠক–দর্শকদের ভাষ্যমতে, তাঁরা নিয়মিতই গণমাধ্যমে ভুয়া খবর দেখতে পান। জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক ব্যক্তিই আগের মাসে গণমাধ্যমে ভুয়া খবর দেখতে পাওয়ার কথা বলেছেন। তাঁদের মতে, করোনার কারণে ভুয়া খবর বেড়েছে। কোনো একটি খবর পাওয়ার পর পাঠক–দর্শকেরা আরও যাচাই করে থাকেন। বন্ধু, পরিবার, সহকর্মী ও একটি গণমাধ্যমে খবর দেখলে আরেকটিতে গিয়ে তা যাচাই করেন তাঁরা।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয় পাস করা ব্যক্তিদের ৯৫ শতাংশ, এইচএসসি পাস করা ব্যক্তিদের ৮৫ শতাংশ, এসএসসি পাস করা ব্যক্তিদের ৮৪ শতাংশ, আর এসএসসি পাস করতে না পারা ব্যক্তিদের ৬১ শতাংশ ভুয়া খবর ধরতে পারেন। সব মিলিয়ে ৭৮ শতাংশ পাঠক–দর্শক ভুয়া সংবাদ ধরতে পারেন।

গবেষণার তথ্য অনুযায়ী, দেশের পাঠকেরা সবচেয়ে বেশি সংবাদ সংগ্রহ করেন টেলিভিশন থেকে। ৭৭ শতাংশ সংবাদই তাঁরা টেলিভিশন থেকে পান। টেলিভিশন থেকে সবচেয়ে বেশি সংবাদ সংগ্রহ করেন নারীরা, যার হার ৮৯ শতাংশ। আর অনলাইন ও সংবাদপত্র থেকে সবচেয়ে বেশি সংবাদ সংগ্রহ করেন পুরুষেরা। এ ছাড়া টেলিভিশনের পর অনলাইন ও সংবাদপত্র থেকে সংবাদ সংগ্রহ করেন পাঠকেরা। রেডিও দেশে অনেকটাই উপেক্ষিত থাকছে। মোট সংবাদের মাত্র ২ শতাংশ রেডিও থেকে জানেন পাঠকেরা। গণমাধ্যম দ্রুত পরিবর্তনে করোনা মহামারি বড় ভূমিকা পালন করেছে।

ব্রেকিং নিউজ, প্রাকৃতিক বিপর্যয় ও খেলাধুলার খবর বেশি বিশ্বাস করেন পাঠকেরা। বিশ্বযোগ্যতার পরের ধাপে রয়েছে কৃষি, স্থানীয় ও বাজারদরের খবর বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের দুই–তৃতীয়াংশ ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে জানেনই না। তবে বিশ্ববিদ্যালয় পাস করা ব্যক্তিদের বেশির ভাগ এ আইন সম্পর্কে সচেতন আছেন।

গবেষণায় অংশ নেওয়া পাঠক-দর্শকদের প্রতি চারজনের একজন মনে করেন, সংবাদ প্রচারের ক্ষেত্রে বিজ্ঞাপনদাতাদের চেয়ে সরকারের প্রভাব বেশি থাকে।
ভুয়া সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে গণমাধ্যমকে মানসম্পন্ন সাংবাদিকতা করার পরিবেশ তৈরি করা, নৈতিক ব্যবসায়িক চর্চা করা, ফ্যাক্ট চেকিং করা এবং আরও স্বচ্ছতা বজায় রাখার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।