ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় বাবা ও দুই ছেলের ১৮ দিন হাজতবাস
কোনো অপরাধ না করেও ১৮ দিন কারাগারে ছিলেন এক বাবা ও তাঁর দুই ছেলে। ঢাকার সাভার থানার পুলিশ ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় গত ২৯ জানুয়ারি তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।বিনা অপরাধে কারাগারে থাকা ওই তিনজন হচ্ছেন ঢাকার সাভারের সামাইর গ্রামের ওয়াজ উদ্দিন (৮২) এবং তাঁর ছেলে সিরাজ উদ্দিন (৩৫) ও সফুর উদ্দিন (৩২)।সাভার থানা সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানায় ২০০৯ সালের ৮ নভেম্বর একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় ঠাকুরগাঁও মুখ্য বিচারিক হাকিমের আদালত থেকে সম্প্রতি একটি গ্রেপ্তারি পরোয়ানা আদালতের মাধ্যমে সাভার থানায় পাঠানো হয়। ওই পরোয়ানায় উল্লিখিত মামলার আসামি হিসেবে ওয়াজ উদ্দিন, সিরাজ উদ্দিন ও সফুর উদ্দিনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ পেয়ে গত ২৯ জানুয়ারি সামাইর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়।ওয়াজ উদ্দিনের আইনজীবী আবদুল আওয়াল জানান, ২০০৯ সালের রানীশংকৈল থানায় করা মামলায় রানীশংকৈল উপজেলার ফরিদপাড়া গ্রামের নইমুদ্দিন ও তাঁর স্ত্রী শরীফা বেগমসহ ১১ জনকে আসামি করা হয়। ওই মামলায় বিচারকসহ পুলিশ কর্মকর্তাদের সই জাল করে উল্লিখিত তিনজনের নামে একটি গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়।গ্রেপ্তারের পর খোঁজ নিয়ে বিষয়টি জানতে পেরে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ঠাকুরগাঁও জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ ফেব্রুয়ারি ওই আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে (কোর্ট নম্বর-১) একটি প্রতিবেদন পাঠান।ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওয়াজ উদ্দিন ও তাঁর দুই ছেলে ২০০৯ সালের ৮ নভেম্বর করা মামলার আসামি নন। তাঁদের নামে ঠাকুরগাঁও মুখ্য বিচারিক হাকিমের আদালত থেকে পাঠানো গ্রেপ্তারি পরোয়ানায় বিচারকের সই ও সিলমোহর জাল।আবদুল আওয়াল আরও জানান, উল্লিখিত প্রতিবেদন পাওয়ার পর গত সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত ওয়াজ উদ্দিন ও তাঁর দুই ছেলের মুক্তির আদেশ দেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে তাঁরা ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে গত মঙ্গলবার ছাড়া পান।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উল্যাহ প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা ভুয়া না জাল তা দেখার দায়িত্ব আমাদের নয়।’