ভুয়া চক্ষুশিবির চারজনের দণ্ড
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ঢাকার একটি চক্ষু হাসপাতালের ব্যানার টানিয়ে চক্ষুশিবির খুলে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিল কয়েকজন ভুয়া চিকিৎসক। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতারণার দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেন এবং যাবতীয় সরঞ্জাম আটক করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আদালতের বিচারক এ টি এম মাহবুব-উল করিম বলেন, বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাইক্রোবাসে করে কয়েক ব্যক্তি এসে চক্ষুশিবির খুলে চিকিৎসা দিচ্ছিলেন। বৃহস্পতি ও শুক্রবার এ বিষয়ে এলাকায় মাইকিংও করা হয়। খবর পেয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে পুলিশকে নিয়ে তিনি সেখানে গিয়ে দেখেন ‘ঢাকা প্রগ্রেসিভ লায়ন চক্ষু হাসপাতাল’ নামের একটি ব্যানার টানিয়ে দুটি কক্ষে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। অর্ধশত নারী-পুরুষ সেখানে সারিবদ্ধভাবে অপেক্ষা করছে। শংকর কুমার সরকারকে চিকিৎসক, মো. শফিকুল ইসলামকে চিকিৎসা সহকারী এবং সজিব বিশ্বাস ও বিভূতিভূষণ মণ্ডলকে কর্মী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। কিন্তু তাঁরা প্রয়োজনীয় পরিচয়পত্র দেখাতে পারেননি।অপচিকিৎসার মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণার দায়ে শংকর কুমার সরকার ও সজিব বিশ্বাসকে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে এক মাস করে এবং মো. শফিকুল ইসলাম ও বিভূতিভূষণ মণ্ডলকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে আদালত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন।ইউএনও জানান, মাইক্রোবাসের চালকের জবানবন্দি শেষে নিরপরাধ মনে হওয়ায় তাঁকে গাড়িসহ ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ওই চক্ষু শিবির চলাকালে যাদের কাছ থেকে টাকা-পয়সা নেওয়া হয়েছিল, তাদের তা ফেরত দেওয়া হয়েছে। আটক করা ব্যক্তিদের শুক্রবারই রাজবাড়ীর জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।