ভুয়া চিকিত্সক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো ডিগ্রি নেই, কোনো প্রতিষ্ঠানে নিবন্ধনও নেই, তবুও তিনি চিকিত্সক। কোনো মেডিকেল কলেজে পড়েননি, শুধু জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্র (পঙ্গু হাসপাতাল) থেকে ফিজিওথেরাপির ওপর একটি কোর্স করেছেন। এই যোগ্যতা দিয়েই দীর্ঘদিন ধরে রোগীদের চিকিত্সা দিচ্ছেন। এমন এক ভুয়া চিকিত্সককে গতকাল মঙ্গলবার এক বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।র্যাব জানায়, গতকাল সকালে মোহাম্মদপুরের বাবর রোডের ‘ক্রিসেন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে’ অভিযান চালিয়ে নূর নবী নামের ওই ভুয়া চিকিত্সককে শনাক্ত করা হয়। নূর নবী ওই হাসপাতালের মালিক। তাকে তাত্ক্ষণিক এক বছরের কারাদণ্ড দিয়েছেন ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা।