ভুয়া চিকিত্সককে এক মাসের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত সোমবার রাতে হাবিবুর রহমান নামে ভুয়া এক চিকিত্সককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় পরের দিন তাঁকে জেলে পাঠানো হয়।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. কুদ্দূস। গত মঙ্গলবার সকালে ভুয়া ওই চিকিত্সককে আদালতের মাধ্যমে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়। হাবিবুর রহমানের বাড়ি খুলনার ফুলবাড়ী উপজেলার টালিয়ামারা গ্রামে। থানার পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি শ্রীমঙ্গলের আশীদ্রোণ ইউনিয়নের দক্ষিণ তিতপুর গ্রামের বাজারে হাবিবুর রহমান একটি ওষুধের দোকান (ফার্মেসি) খুলে বসেন। ১২ এপ্রিল থেকে ওই ফার্মেসিতে তিনি রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া শুরু করেন। ব্যবস্থাপত্র ও ফার্মেসির সাইনবোর্ডে তিনি নিজের নামের আগে ‘ডা.’ (ডাক্তার) পদবি ব্যবহার করেন। পাশাপাশি নিজেকে নাক, কান, গলা, চর্ম ও যৌন রোগের চিকিত্সক দাবি করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজিবুস শহীদ বলেন, হাবিবুর রহমান একজন ভুয়া চিকিত্সক। চিকিত্সার বিষয়ে তাঁর কাছে শুধু একটি আরএমপি (রুর‌্যাল মেডিকেল প্র্যাকটিশনার) সনদ আছে। এই সনদ দিয়ে তিনি ‘ডা.’ পদবি ব্যবহার করতে পারেন না। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া কোনো ব্যক্তি অ্যালোপ্যাথিক ওষুধের ব্যবস্থাপত্র দিতে পারেন না। এটা দণ্ডনীয় অপরাধ।