ভুয়া চিকিৎসক আটক, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার চান্দনা ও ইটাহাটা এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটক এবং দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সূত্র জানায়, মমিনুল ইসলাম নামের এক ব্যক্তি চিকিৎসক পরিচয়ে চান্দনা এলাকায় ‘মা ও শিশু স্বাস্থ্য ক্লিনিক’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। ক্লিনিকের সাইনবোর্ডে তিনি নিজের নাম উল্লেখ করেন এম আই জাকারিয়া। তিনি ওই ক্লিনিকে প্রতিদিন রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। গতকাল বিকেলে র‌্যাবের সহায়তায় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এ সময় মমিনুলকে আটক করা হয়। মমিনুল সদর উপজেলার ইটাহাটা এলাকায় ‘মা ও শিশু প্যারামেডিক প্রশিক্ষণ ইনস্টিটিউট’ নামের আরেকটি অনুমোদনহীন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ভ্রাম্যমাণ আদালত পরে সেখানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন।সূত্র জানায়, চিকিৎসকের কোনো সনদ দেখাতে না পারায় ৫০ হাজার টাকা এবং অনুমোদনহীন প্রতিষ্ঠান খোলার দায়ে মমিনুলকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।র‌্যাব-১-এর শিমুলতলী ক্যাম্পের সহকারী উপপরিচালক মোস্তাক সরকার, গাজীপুর সিভিল সার্জনের প্রতিনিধি কামরুজ্জামান অভিযানের সময় উপস্থিত ছিলেন। আটক ভুয়া চিকিৎসক মমিনুলের বাড়ি মানিকগঞ্জের কালাই গ্রামে।এদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে গাজীপুর সদর উপজেলার সাইনবোর্ড এলাকার নাহার ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনওয়াজ দিলরুবা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।