ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রউফাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম যূথিকা সরকার এই আদালত পরিচালনা করেন। অভিযুক্ত ব্যক্তির নাম এম এন এইচ জামান। তিনি নামফলক ও ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ‘ডা.’ শব্দটি ব্যবহার করেন। নামের শেষে ‘বিএসসি (অনার্স), এমএসসি (ঢাকা বিশ্ববিদ্যালয়), ট্রেনিং অফিসার (নার্সিং) কেএমসিএইচ’ লেখেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে তিনি কোনো সনদ দেখাতে পারেননি। অভিযানে অংশ নেওয়া সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. কাজী মো. আশীক জামান জানান, বিএমডিসি আইন অনুসারে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি অর্জন ছাড়া কেউ নামের আগে ‘ডা.’ লিখতে পারেন না। বিএমডিসির নিবন্ধন না থাকায় ভ্রাম্যমাণ আদালত এম এন এইচ জামানকে জরিমানা করেন। সূত্র জানায়, জামান আগে ওষুধের দোকানের কর্মচারী ছিলেন। পরে তিনি নগরের রউফাবাদ কলোনি এলাকায় ডাক্তার সেজে চেম্বার খুলে বসেন। অভিযান পরিচালনাকারী নির্বাহী হাকিম যূথিকা সরকার সাংবাদিকদের বলেন, ‘ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’ অভিযানে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, র‌্যাব-৭ ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।