ভুয়া চিকিৎসককে গণপিটুনি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত শনিবার কাজী মিলন (৩৭) নামের একজন ভুয়া চিকিৎককে আটকের পর গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে মিলন ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করবেন না বলে প্রতিশ্রুতি দেন এবং ভালো হওয়ার সুযোগ চান। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর গ্রামের কাজী গফুর মণ্ডলের ছেলে মিলন ছয় মাস আগে ফুলবাড়ী উপজেলার রুদ্রানী গ্রামের মো. রমজান আলীর মেয়ে সান্ত্বনা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তাঁরা ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের একটি বাড়িতে থাকতেন। স্থানীয় বাসিন্দাদের কাছে মিলন নিজেকে রংপুর মেডিকেল কলেজের এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক পরিচয় দেন। তিনি এলাকার বেকার ছেলেদের স্বাস্থ্য অধিদপ্তরে বিভিন্ন পদে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করেন। পরে খোঁজ নিয়ে এলাকাবাসী তাঁর আসল পরিচয় জানতে পারে। একপর্যায়ে শনিবার এলাকাবাসী তাঁকে গণধোলাই দেয়। অভিযোগের ব্যাপারে মিলন বলেন, ‘আমি ভুল করেছি, এটা ঠিক হয়নি।’