ভুয়া চিকিৎসককে দণ্ড
নওগাঁর আকতার হোসেন ওরফে জীবন (৩৮) নামের এক ভুয়া চিকিৎসককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷ আকতার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরের বাসিন্দা৷
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে আটটায় নওগাঁর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হাসান এই সাজা দেন৷ এর আগে আকতারকে নওগাঁ শহরের প্রাইম ল্যাব নামে একটি বেসরকাির হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়৷ একইসঙ্গে ওই ভুয়া চিকিৎসককে আশ্রয় দেওয়ার অপরাধে হাসপাতালের মালিক ঈসকেন্দার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়৷
নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হাসানের ভ্রাম্যমাণ আদালত প্রাইম ল্যাব হাসপাতালে অভিযান চালান৷ এ সময় আকতার হোসেনের শিক্ষা ও পেশাগত যোগ্যতা যাচাই করা হলে তিনি ভুয়া চিকিৎসক বলে প্রমাণ পাওয়া যায়৷ পরে রাতে আদালতের বিচারক তাঁকে কারাদণ্ড ও জরিমানা করেন৷ ঈসকেন্দার হোসেন বলেন, আকতার হোসেনের যাবতীয় কাগজপত্র জাল কি না, তা পরীক্ষা করে দেখা হয়নি৷