ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আর কে দাস নামের ভুয়া ডিগ্রিধারী এক দন্ত চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত গত সোমবার অভিযান চালিয়ে তাঁকে ওই জরিমানা করেন। জানা গেছে, আর কে দাস নওয়াপাড়ায় রয়েল ডেন্টাল ক্লিনিক খুলে দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি তাঁর সাইনবোর্ড ও চিকিৎসাপত্রে নিজেকে বিডিটিএস (ডিইউ) অন কোর্স, বিএসসি ইন ডেন্টাল (ডিইউ), ডিএমটি ডেন্টাল (ঢাকা) ও ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জারি লিখে রোগীদের আকৃষ্ট করছেন। সম্প্রতি লন্ডনপ্রবাসী রিনা পারভীন দেশে বেড়াতে এসে কথিত ওই চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। এতে তাঁর দাঁত ও মাড়ির ব্যাপক ক্ষতি হয়। তিনি গত সোমবার ইউএনওর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। ওই দিনই ইউএনও বিশ্বাস রাসেল হোসেনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আর কে দাসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আদালত তাঁর নামের আগে ‘ডাক্তার’ ও ভুয়া ডিগ্রি ব্যবহার না করার নির্দেশ দেন।