ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদালত যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নিপুন চন্দ্র বিশ্বাস নামের ভুয়া ডিগ্রিধারী এক চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।চিকিৎসাশাস্ত্রে কোনো সনদ না থাকা সত্ত্বেও নামের পাশে এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে চিকিৎসার নামে প্রতারণা করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন গতকাল বুধবার এই রায় দেন।আদালত সূত্রে জানা গেছে, নিপুন চন্দ্র বিশ্বাস এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে উপজেলার নওয়াপাড়ায় স্বপ্নের সেতু ক্লিনিকে চিকিৎসা করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও বিশ্বাস রাসেল হোসেন গতকাল অভিযান পরিচালনা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। ইউএনও বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘নিপুন চন্দ্র বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতকে তাঁর একটি ইউনানি সনদের ফটোকপি দেখিয়েছেন। ওই সনদের বলে তিনি এমবিবিএস ডিগ্রি লিখছেন বলেও জানান। তাই তাঁকে এমবিবিএস ডিগ্রি ব্যবহার না করতে এবং ইউনানি চিকিৎসা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’