ভুয়া চিকিৎসকসহ চারজনের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালত গত রোববার সন্ধ্যায় নওগাঁর মান্দা উপজেলার ফাতেমা ক্লিনিক, ফোরস্টার ক্লিনিক ও রোগমুক্তি ক্লিনিকে অভিযান চালিয়ে একজন ভুয়া চিকিৎসকসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—রোগমুক্তি ক্লিনিকের ভুয়া চিকিৎসক আমিনুল ইসলাম (৪৫), ফোরস্টার ক্লিনিকের ব্যবস্থাপক অলক কুণ্ডু (৩৫) ও কর্মচারী আনোয়ার হোসেন (৩৬) এবং ফাতেমা ক্লিনিকের কর্মচারী একাব্বর হোসেন (৪৫)।নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আশেক হাসান জানান, রোববার সন্ধ্যায় উল্লিখিত তিনটি ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় ক্লিনিক তিনটির বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তা ছাড়া নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা দেওয়াসহ চিকিৎসা সরঞ্জাম না থাকায় এবং চিকিৎসাসেবার নামে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রোগমুক্তি ক্লিনিকের ভুয়া চিকিৎসক আমিনুল ইসলাম, ফোরস্টারের ব্যবস্থাপক অলক কুণ্ডু ও স্বাস্থ্যকর্মী আনোয়ার হোসেনকে এক মাসের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং ফাতেমা ক্লিনিকের কর্মী একাব্বর হোসেনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।ভুয়া চিকিৎসক আমিনুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামে। অন্যদের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন গ্রামে।ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরও জানান, অভিযান পরিচালনার সময় রাজশাহীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) এএসপি তারেক জুবায়ের এবং মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাহার হোসেন উপস্থিত ছিলেন।