নাটোরের বাগাতিপাড়া উপজেলার এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর নাম মোস্তফা কামাল। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম খোন্দকার ফরহাদ আহমদের আদালত এ দণ্ডাদেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এইচএসসি পাস করা কামাল নিজেকে চোখ ও মাথার বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে ব্যবস্থাপত্র দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন। নিবন্ধন না থাকায় মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ও ভোক্তা অধিকার আইনে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের কারাভোগের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তিনি অর্থদণ্ড পরিশোধ করে ছাড়া পান। তিনি দীর্ঘদিন থেকে নাটোর স্টেশন বড়গাছা (বড় মোড়) এলাকায় ‘নাটোর আই কেয়ার’, বাগাতিপাড়ার তমালতলা মোড় বাজারে ‘হাসান মেডিকো’ এবং নলডাঙ্গা বাজারে ‘চোখ ও মাথার ডাক্তার’ নামে তিনটি দোকান (চেম্বার) পরিচালনা করে আসছিলেন। নাটোর প্রতিনিধি