ভুয়া চিকিৎসকের এক বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এস কে আবুল খায়ের চৌধুরী (৫৬) নামের এক ভুয়া চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে নির্বাহী হাকিম সঞ্জিব দাশ এ সাজা দেন।
আবুল খায়ের চৌধুরী মাগুরার শ্রীকোল গ্রামের বাসিন্দা। তিনি মঠবাড়িয়া পৌরশহরের টিঅ্যান্ডটি সড়ক এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম সঞ্জিব দাশ বলেন, আবুল খায়ের চৌধুরীকে গতকালই কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া কোনো চিকিৎসা সনদ না থাকায় মঠবাড়িয়ায় আরও তিনজন ভুয়া চিকিৎসককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালতসংশ্লিষ্ট ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া পৌরশহরের দক্ষিণ বন্দর এলাকার মাতুব্বর ডায়াগনস্টিক সেন্টারে এস কে আবুল খায়ের চৌধুরী মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ হিসেবে দুই মাস ধরে চিকিৎসা দিচ্ছিলেন। তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের জ্যামাইকা হসপিটাল মেডিকেল সেন্টার ও সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ হাসপাতালের প্রাক্তন মেডিসিন কনসালট্যান্ট পরিচয় দিতেন। তাঁর নামের পাশে এমবিবিএস, এমপি (আমেরিকা), এমডি (নিউরোলজি) ও এফসিপিএস (মেডিসিন) ডিগ্রি লেখা রয়েছে। গতকাল বুধবার দুপুরে আবুল খায়ের চৌধুরী মাতুব্বর ডায়াগনস্টিক সেন্টারে বসে রোগী দেখছিলেন। নির্বাহী হাকিম সঞ্জিব দাশের নেতৃত্বে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৮) একটি দল ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক আবুল খায়ের চৌধুরীকে গ্রেপ্তার করেন। আটকের পর আবুল খায়ের চৌধুরী কোনো চিকিৎসা সনদ দেখাতে পারেননি। তিনি স্বীকার করেন তাঁর চিকিৎসাবিজ্ঞানের সব ডিগ্রি ভুয়া। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ডিগ্রি ছাড়া রোগীদের চিকিৎসা দেওয়ার দায়ে আবুল খায়ের চৌধুরীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সাজা দেওয়া হয়। এ ছাড়া বিএমডিসি স্বীকৃত ডিগ্রি না থাকায় পৌরশহরের দক্ষিণ বন্দরের মাসুম মাতুব্বরকে ৫০ হাজার টাকা, কে এম লতিফ সুপার মার্কেটের আলমগীর হোসেনকে ৫০ হাজার টাকা ও দক্ষিণ বন্দর এলাকায় রিয়াজুল হককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ১ লাখ ৩০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
মাতুব্বর ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী বলেন, আবুল খায়ের চৌধুরী মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ পরিচয় দিয়ে শহরে মাইকিং করান। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তিনি ৫০০ টাকা ভিজিট নেন। আবুল খায়ের চৌধুরী এক বছর আগে মঠবাড়িয়া উপজেলার সৌদিপ্রবাসী হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগ দেন। সেটি ছেড়ে দুই মাস ধরে তিনি মাতুব্বর ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতেন।