ভুয়া চিকিৎসকের এক বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর টিকাটুলীতে গতকাল শনিবার এস এম রায়হান নামের এক ভুয়া দন্তচিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।র‌্যাব সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে টিকাটুলীর ৮ নম্বর হাটখোলায় শফি ডেন্টাল ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখান থেকে রায়হানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। রায়হান দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসা দিয়ে এলেও তিনি এ ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক সনদ দেখাতে পারেননি। এমনকি তাঁর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় কাগজপত্রও নেই। অবশ্য পরে তিনি অনুমোদন ছাড়াই এভাবে চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, তাঁর বাবা একজন দন্তচিকিৎসক। তাঁর কাছ থেকেই তিনি চিকিৎসার কাজ শিখেছেন। পরে যাচাই করে দেখা যায়, তাঁর বাবাও অনুমোদিত চিকিৎসক নন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, অনুমোদন ছাড়া চিকিৎসা দেওয়া ও রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে রায়হানকে ওই কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।