ভুয়া চিকিৎসকের এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও শহরের নিউ গ্রিন লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আশরাফুল মাখলুকাত নামের এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। সিলগালা করে দেওয়া হয় ডায়াগনস্টিক সেন্টারটি।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আটটার দিকে ঠাকুরগাঁওয়ের নির্বাহী হাকিম রিফাত ফেরদৌসের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত শহরের নিউ গ্রিন লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। চিকিৎসকের পরিচয় দিয়ে রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার দায়ে আশরাফুল মাখলুকাতকে আটক করা হয়। পরে তাঁকে এক বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের সাজা দেওয়া হয়। এ ছাড়া অব্যবস্থাপনা, রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়।
ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস বলেন, ভুয়া চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিয়ে জনসাধারণ প্রতারিত হচ্ছেন। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২৯ ধারা অনুযায়ী ভুয়া পদবি ব্যবহার ও রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে আশরাফুল মাখলুকাতকে এ সাজা দেওয়া হয়।