ভুয়া চিকিৎসকের কারাদণ্ড
বরগুনার পাথরঘাটা উপজেলার একটি বেসরকারি হাসপাতাল থেকে গত বৃহস্পতিবার রাতে মো. আবদুর রশিদ (৩৮) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। চিকিৎসক পরিচয়ে প্রতারণার দায়ে আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
মো. আবদুর রশিদ ঢাকার কদমতলীর দনিয়া এলাকার মোহাম্মদ আলী পাটোয়ারীর ছেলে।
থানা-পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবদুর রশিদ পাথরঘাটা উপজেলা সদরে ‘সৌদিপ্রবাসী হাসপাতালে’ চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সেবা দিচ্ছিলেন। তিনি রোগীদের ব্যবস্থাপত্র দিতেন। এমনকি অস্ত্রোপচারও করতেন। ব্যবস্থাপত্রে তাঁর পেশাগত পরিচয়ের জায়গায় এমবিবিএস (ঢাকা) ও পিজিটি (সার্জারি) উল্লেখ রয়েছে। তবে আবদুর রশিদের সনদ ও ডিগ্রি ভুয়া। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ওই হাসপাতালে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে আটক করেন এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালত পরিচালনা করেন পাথরঘাটার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. ইকবাল হোসেন।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, গতকাল শুক্রবার আবদুর রশিদকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, ভুয়া চিকিৎসক নিয়োগ দেওয়ার অপরাধে সৌদিপ্রবাসী হাসপাতালের মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাথরঘাটা পৌরসভার কাউন্সিলর মুনিরা ইয়াসমিন বলেন, ভুয়া চিকিৎসক দিয়ে যাঁরা হাসপাতালে অস্ত্রোপচার করিয়েছেন, সেই মালিকপক্ষেরও এর দায়ভার নিতে হবে। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবদুস সালাম বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।