ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ক্লিনিক সিলগালা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এ কে এম আলমগীর নামের এক ভুয়া চিকিৎসককে গত বুধবার দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা ও ঢাকার রূপনগর এলাকায়।
শাহজাদপুর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার মশিপুর গ্রামে রওশনআরা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে এ কে এম আলমগীর দুই মাস ধরে রোগী দেখে আসছেন। প্রতি বুধবার ঢাকা থেকে এসে রোগীদের চিকিৎসা দেন তিনি। সম্প্রতি ফুসফুসের একটি রোগে আক্রান্ত এক রোগীকে চিকিৎসা দিলে বিষয়টি নিয়ে স্থানীয় চিকিৎসকদের মধ্যে আলোচনা হয়। রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দেন—এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন। একপর্যায়ে তিনি ভুয়া সনদের কথা স্বীকার করেন।
হাসপাতালের স্বত্বাধিকারী আবদুল জলিল জানান, আলমগীর ভুয়া চিকিৎসক কি না, তা তিনি জানেন না। ওষুধ কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধির সহযোগিতায় তাঁকে এখানে এনে রোগী দেখানো হচ্ছে।
শাহজাদপুর থানার ওসি সাহাব উদ্দীন খলিফা বলেন, তাঁর দেওয়া ব্যবস্থাপত্রে অনেক ডিগ্রির নাম লেখা থাকলেও এগুলোর বিপরীতে কোনো সনদ তিনি দেখাতে পারেননি।
আদালতের বিচারক ইউএনও শামীম আহমেদ বলেন, জিজ্ঞাসাবাদের আলমগীর জানান এইচএসসি পাস করার পর বিভিন্ন বই পড়ে চিকিৎসক হয়েছেন তিনি। ঢাকায় বসে সনদ তৈরি করেছেন। তাঁর বাড়িতে খবর নিয়ে নিশ্চিত হওয়ার পর তাঁকে দুই বছরের সাজা দেওয়া হয়। পরে ওই ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।