ভুয়া চিকিৎসকের তিন মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজারের আল বারাকা ডায়াগনস্টিক সেন্টারে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷ এ সময় ভুয়া চিকিৎসক আসমা আক্তারকে তিন মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়৷
‘রোগী দেখেন ধাই ও বয়’ শিরোনামে গতকাল প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর জেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়৷ সাজা পাওয়া আসমাকে কারাগারে পাঠানো হয়েছে।
শরীয়তপুর জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নোমান হোসেন দুপুর সাড়ে ১২টার দিকে আল বারাকা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা শাহিনূর নাজিয়া ও জেলা স্বাস্থ্য পরিদর্শক পরিমল চন্দ্র মণ্ডল উপস্থিত ছিলেন৷
নোমান হোসেন বলেন, অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ধারা অনুযায়ী ওই নারীকে দণ্ডাদেশ দেওয়া হয়েছে৷