ভুয়া চিকিৎসকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পলাশ চন্দ্র শীল নামের একজন ভুয়া চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।গতকাল বুধবার ফেনী শহরের পুরাতন সোনাগাজী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মৃধা এই রায় দেন।সূত্র জানায়, চিকিৎসাশাস্ত্রে পলাশ চন্দ্র শীলের প্রাতিষ্ঠানিক শিক্ষা বা সনদ না থাকলেও তিনি চিকিৎসক (ডাক্তার) পদবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগী দেখে ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন।সূত্র জানায়, ভুক্তভোগী রোগীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে শহরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মৃধা শহরের পুরাতন সোনাগাজী বাসস্ট্যান্ড এলাকায় পলাশ চন্দ্র শীলকে চিকিৎসকের সনদ দেখাতে বলেন। কিন্তু তিনি সনদ দেখাতে ব্যর্থ হন। পরে চিকিৎসাশাস্ত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া চিকিৎসা দেওয়ার দায়ে তাঁকে এক মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সাইফুর রহমান বলেন, পলাশ চন্দ্র শীল নামের পাশে এমবিবিএসসহ বিভিন্ন ডিগ্রি লিখে ক্লিনিক খুলে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন। তিনি এমবিবিএস ডিগ্রি নিয়েছেন বলে দাবি করলেও এর সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ‘ফেনী জেনারেল হাসপাতাল’ নামের একটি ক্লিনিকে অভিযান চালান। এ সময় ক্লিনিকের পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় এবং সেবার মান ভালো না হওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।