ভুয়া চিকিৎসকের দুই মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড়সংলগ্ন একটি ক্লিনিক থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া এক ভুয়া চিকিৎসককে দুই মাস বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এনামুল হক (২৬) নামের এ ভুয়া চিকিৎসক সদর উপজেলার হরিষপুর গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম মিজানুর রহমান তাঁকে এ দণ্ড দেন।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ সূত্রে জানা যায়, এনামুল চিকিৎসক সেজে সেবা ক্লিনিকে ঢুকে পড়েন। পরে তিনি বিভিন্ন ওয়ার্ডে ঢুকে প্রসূতি রোগীসহ অন্য রোগীদের শরীরে হাত দিয়ে পরীক্ষা-নিরীক্ষার ভান করছিলেন। এতে রোগীদের সন্দেহ হলে ক্লিনিক কর্তৃপক্ষকে জানানো হয়। পরে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব গিয়ে তাঁকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

সেবা ক্লিনিকের অন্যতম পরিচালক ময়েজ উদদীন বলেন, পঞ্চম তলার একটি ওয়ার্ডের সেবিকার চোখ এড়িয়ে ভেতরে ঢুকে পড়ে ওই প্রতারক। পরে চিকিৎসক সেজে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার ভান করছিলেন তিনি। রোগীদের কাছ থেকে অভিযোগ পেয়ে ক্লিনিক কর্তৃপক্ষই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়।