ভুয়া ছাড়পত্রে আবার পণ্য খালাসের চেষ্টা, দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া কাগজপত্র বানিয়ে চট্টগ্রাম বন্দর থেকে এক কনটেইনার কাপড় কাভার্ড ভ্যানে বোঝাই করে নেওয়ার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন বন্দরের নিরাপত্তা বিভাগের কর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ডেলিভারি কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।আটক দুই ব্যক্তি হলেন লুৎফর রহমান ও সিকদার মো. আলমগীর হোসেন। তাঁরা সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ফাস্ট এয়ার ইন্টারন্যাশনালের জেটি সরকার হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন।বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটক দুজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।কাস্টম হাউসের সহকারী কমিশনার নাহিদ নওশাদ প্রথম আলোকে বলেন, প্রায় ৫০ লাখ টাকার শুল্ক-কর জমা দেওয়ার ভুয়া কাগজপত্র দিয়ে পণ্য খালাসের চেষ্টা করেছিলেন ওই প্রতিষ্ঠানের কর্মীরা। এসব পণ্য জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।বন্দর ও কাস্টম হাউস সূত্রে জানা গেছে, বিকেলে ডেলিভারি পয়েন্টে একটি কনটেইনার থেকে কাপড়ের রোল বের করে কাভার্ড ভ্যানে বোঝাই করেন ফাস্ট এয়ার ইন্টারন্যাশনালের কর্মীরা। এ সময় সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের সন্দেহ হলে তাঁরা তাঁদের কাছ থেকে কাগজপত্র নিয়ে শুল্ক কর্মকর্তাদের কাছে তা যাচাইয়ের জন্য তুলে দেন। শুল্ক কর্মকর্তারা এসে এসব কাগজপত্র জাল বলে শনাক্ত করেন। তাৎক্ষণিকভাবে কাভার্ড ভ্যানটিসহ দুজনকে আটক করা হয়। শুল্ক কর্মকর্তারা জানান, পণ্যের আমদানি চালান (বিল অব এন্ট্রি), শুল্কায়ন নোটিশ ও টাকা জমা দেওয়ার ছাড়পত্র নকল করে পণ্য খালাস করার চেষ্টা করা হচ্ছিল। ঢাকার ফ্লোরেন্স ফেব্রিক্স লিমিটেড এসব পণ্য আমদানি করে। জাল কাগজপত্রে প্রায় পাঁচ হাজার ৩৩০ কেজি ওজনের এসব পণ্যের মূল্য লেখা আছে ৫৩ হাজার ৫৪২ মার্কিন ডলার।প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি প্রায় ৬৮ লাখ টাকা শুল্ক-কর জমা দেওয়ার ভুয়া ছাড়পত্রে ১১ কনটেইনার রাসায়নিক পদার্থ খালাস করে নেন আমদানিকারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্ট। বিষয়টি নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে এখনো তদন্ত চলছে।