ভুয়া জন্মসনদে বিয়ে কাজিসহ দুজনের দণ্ড
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভুয়া জন্মসনদে বিয়ে পড়ানোর অভিযোগে কাজি (নিকাহ রেজিস্ট্রার) ও কনের বাবাকে এক মাস করে কারাদণ্ড ও এক হাজার টাকা হারে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল রোববার সন্ধ্যায় এই আদেশ দেন। দণ্ডিত দুজনকে গতকাল রাতেই পুলিশি পাহারায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জুড়ানপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজি মোখলেছুর রহমান ও কনের বাবা একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বেল্টু মিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বেল্টু মিয়ার ১৩ বছর বয়সী মেয়ের সঙ্গে একই ইউনিয়নের কলাবাড়ি গ্রামের মানিক মিয়ার ছেলে জামিনুল ইসলামের (২২) ৫০ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়। জুড়ানপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজি মোখলেছুর রহমান বিয়েটি নিবন্ধন করেন। নিকাহনামায় মেয়েটির বয়স ১৮ বছরের বেশি দেখানো হয়।
অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন তদন্তে নামে। গতকাল সন্ধ্যায় দামুড়হুদার ইউএনওর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে কাজি মোখলেছুর রহমান ও কনের বাবা বেল্টু মিয়া অভিযোগ স্বীকার করায় তাঁদের জরিমানা করা ও সাজা দেওয়া হয়।
অনুসন্ধানে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি দামুড়হুদা সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজি কুতুব উদ্দিনকে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কুতুব উদ্দিন কারাগারে বন্দী থাকায় জেলা নিবন্ধক (আবুল কালাম আজাদ) জুড়ানপুর ইউনিয়নের কাজি মোখলেছুর রহমানকে অতিরিক্ত হিসেবে দামুড়হুদা ইউনিয়নের কাজির দায়িত্ব দেন। এরপর তিনি স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপনও দেন।
এদিকে ১৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় খুলনা বিভাগীয় কাজি সমাবেশে কাজিরা বাল্যবিবাহ পড়াবেন না বলে শপথ গ্রহণ করেন।