ভুয়া জাতীয় পরিচয়পত্র তদন্তে সংসদীয় উপকমিটি
৫৩ হাজার ভুয়া জাতীয় পরিচয়পত্র কীভাবে তৈরি করা হলো, তা তদন্তে সংসদীয় উপকমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য মোস্তফা লুৎফুল্লাহ সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আহ্বায়ক ও আবদুর রহমানকে সদস্য করে উপকমিটি গঠন করা হয়েছে।
রাজধানীর দোলাইরপাড় ও গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গত শনিবার ৫৩ হাজার নকল জাতীয় পরিচয়পত্রসহ দুজনকে আটক করে পুলিশ। এ ছাড়া বৈঠকে জনপ্রশাসনের কর্মকর্তাদের যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়ার জন্য বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আবদুর রহমান, সুকুমার রঞ্জন ঘোষ, মোহাম্মদ আবদুল্লাহ, মোস্তফা লুৎফুল্লাহ ও আমিনা আহমেদ অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।