ভুয়া জামিননামায় শতাধিক আসামির মুক্তি!
বিচারকের সই জাল করে ভুয়া জামিননামা দিয়ে শতাধিক আসামিকে কারাগার থেকে বের করে এনেছে একটি সিন্ডিকেট। এর মাধ্যমে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পেশকার, পিয়ন ও একাধিক আইনজীবী এই সিন্ডিকেটে রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) রিমান্ডে এ সিন্ডিকেটের অন্যতম হোতা শেখ মো. নাঈমের মুখে জালিয়াতির এ সব চাঞ্চল্যকর তথ্য মিলছে। নাঈম ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এমএলএসএস (পিয়ন) হিসেবে কর্মরত ছিলেন।
দুদকের উপসহকারী পরিচালক মো. সফিউল্লাহর নেতৃত্বে দুদক কর্মকর্তাদের একটি দল গতকাল মঙ্গলবার রিমান্ডের দ্বিতীয় দিন নাঈমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যমতে, বিচারকের সই জাল করে ৭৬টি মামলার ১১০ জন আসামিকে পাঁচ মাসের ব্যবধানে কারাগার থেকে বের করে দিয়েছে শক্তিশালী এই চক্র। জালিয়াতি করে মুক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে চাঞ্চল্যকর খুনের মামলার আসামি, তালিকাভুক্ত ভয়ংকর সন্ত্রাসী, মাদক ও জালটাকার ব্যবসায়ী রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। পুলিশের খাতায় দুর্ধর্ষ এসব আসামি এখন পলাতক। সূত্রটি জানায়, মামলার নথিপত্র লুকিয়ে রাখার কারণে আসামিদের প্রকৃত সংখ্যার বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এসব নথি পাওয়া গেলে আসামিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে দুদক কর্মকর্তারা বলছেন।
দুদকের কাছে থাকা তথ্যমতে, বিচারকের সই জাল করে চলতি বছরের জানুয়ারি মাসে ১৪টি মামলায় ১৪ জন, ফেব্রুয়ারিতে ১০টি মামলার ২০ জন, মার্চ মাসে ১৪টি মামলার ২০ জন, এপ্রিল মাসে ১২টি মামলার ১৬ জন এবং মে মাসে ২৬টি মামলার ৪০ জন আসামির জামিনে মুক্ত করেন নাঈম ও ওই আদালতের পেশকার মোসলেহ উদ্দিন।
দুদকের সূত্র জানিয়েছে, জালিয়াত চক্রটি বিচারকের সই জাল করার মাধ্যমে কারা কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে যেভাবে আসামিদের কারাগার থেকে বের নিয়ে এসেছে, তা চাঞ্চল্যকর। চক্রটি কারা কর্তৃপক্ষের কাছে বিচারকের নকল সই ও সিল দিয়ে প্রস্তুত করা ভুয়া জামিননামা পাঠাতেন। সেই জামিননামায় আসামিদের নাম-ঠিকানার পাশাপাশি থাকত স্থানীয় জামিনদারের পরিচয় এবং আসামিদের আইনজীবীর স্বাক্ষর ও সিল।
দুদক কর্মকর্তারা বলছেন, জিজ্ঞাসাবাদে নাঈমের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। তাঁদের ধারণা, এর সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। এ ঘটনায় আদালতের আইনজীবী বা প্রভাবশালী কর্মকর্তা-কর্মচারী অথবা অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, শেখ মো. নাঈম ঢাকার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ আদালত থেকে গত বছরের ১১ নভেম্বর বদলি হয়ে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আসেন। এর প্রায় দুই মাস পর জানুয়ারি থেকে বিচারকের জাল সই করে টাকার বিনিময়ে আসামিদের জামিন দেওয়া শুরু করেন। তাঁর সঙ্গে যোগ দেন, পেশকার মোসলেহ উদ্দিন।
জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া জামিননামা কারাগারে পাঠিয়ে আসামিদের মুক্তির ব্যবস্থা করে অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে গত ১৩ জুলাই ঢাকা মহানগর দায়রা আদালতের প্রশাসনের পক্ষে নাজির ওবায়দুল হক আকন্দ বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেন। এতে আসামি করা হয় ওই আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মোসলেহ উদ্দিন ও এমএলএসএস শেখ মোহাম্মদ নাঈমকে। মামলার দিনই গ্রেপ্তার হন মোসলেহ উদ্দিন। বর্তমানে তিনি কারাগারে। ভুয়া জামিননামার মাধ্যমে কারাগার থেকে দুর্ধর্ষ অপরাধীদের মুক্তির ব্যবস্থা করে দুই কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন মোসলেহ।
পরে মামলাটির তদন্তে নামে দুদক। গত ২২ আগস্ট দিবাগত রাত ১২টায় রাজধানীর আদাবর এলাকা থেকে নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র্যাব-২। রোববার দুদকের উপসহকারী পরিচালক মো. সফিউল্লাহ নাঈমকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।